সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮ পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় মেসির পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে দলে চায় আর্জেন্টিনা ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও যানবহনে আগুন; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 22, 2026
পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস

ওয়েলিংটন টেস্টে আগের দিনই চালকের আসনে বসেছিল ভারত। চতুর্থ দিনটাও নিজেদের করে নিল সফরকারীরা। নিউ জিল্যান্ড বোলারদের তুলোধোনা করে আজ একাধিক রেকর্ড গড়েছে শুবমান গিলের দল।

বেসিন রিজার্ভে প্রথম টেস্টের চতুর্থ দিন ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৩৬৮ রান করা নিউ জিল্যান্ড দ্বিতীয় ইনিংসে দিন শেষ করেছে ২ উইকেটে ১১৯ রান নিয়ে। ভারতের চেয়ে এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। শেষ দিনে ভারতের প্রয়োজন বাকি ৮ উইকেট।

৪ উইকেটে ৪৮৬ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। দিনের শুরুতে নাইটওয়াচম্যান আনশুল কাম্বোজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের রান ৫০০ পার করেন। পান্তও হাত খোলেন। কাম্বোজের সঙ্গে তার জুটিতে আসে ৬৮ রান। ৩৮ রান করে গ্লেন ফিলিপসের বলে আউট হন কাম্বোজ।

এরপর জুরেলকে নিয়ে এগিয়ে যান পান্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। উইকেটরক্ষক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এখন তার ওপরে কেবল অ্যাডাম গিলক্রিস্ট (১৭) ও অ্যান্ডি ফ্লাওয়ার (১২)।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া- চারটি দেশেই টেস্ট সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় ব্যাটার পান্ত। তার আগে এই কীর্তি গড়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। উইকেটকিপার হিসেবে এই চার দেশে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার পান্ত।

রাচিন রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে পান্তের ব্যাট থেকে আসে ১২৮ রান। ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। টেস্টে সবমিলিয়ে পান্তের ছক্কা এখন ১০৮টি। ছক্কার হিসাবে এখন তার ওপরে কেবল বেন স্টোকস (১৩৮টি)।

পান্তের আউটের পর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি গড়ে ভারতের রান আরও বাড়ান জুরেল। নিজের অর্ধশতক পূর্ণ করার পর ওয়াশিংটনকে নিয়ে গড়েন আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি। টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দল এক ইনিংসে প্রথম সাত উইকেটের প্রতিটি জুটিতে অন্তত ৫০ রান করল।

২৪ রান করে রবীন্দ্রর বলে বোল্ড হন ওয়াশিংটন। এরপর আকাশ দীপ দুটি ছক্কা হাঁকালেও বেশিক্ষণ টিকতে পারেননি। অন্য প্রান্তে জুরেল চালিয়ে যান আক্রমণ। ৭৮ রান করে ফিলিপসের বলে স্টাম্পড হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে ভারত।

নিউ জিল্যান্ডের হয়ে ফিলিপস নেন ৩ উইকেট। আর ৩৩ ওভার বল করে ২০১ রান দেন জ্যাকব ডাফি। নিউ জিল্যান্ডের কোনো বোলারের টেস্ট ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে স্টিফেন বুক ২২৯ রান দিয়েছিলেন।

৭২০ রান ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে কোনো দলের সর্বোচ্চ ইনিংসও এটি। কিউইদের মাটিতে কোনো দলের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ডও গড়েছে ভারত। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের করা ৬ উইকেটে ৭১৫ রান ছাড়িয়ে গেছে তারা।

টেস্টে এটি ভারতের পঞ্চম ৭০০ বা তার বেশি রানের ইনিংস। এই তালিকায় ভারতের চেয়ে এগিয়ে কেবল শ্রীলঙ্কা, তাদের এমন ইনিংস ৭টি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রয়েছে ৪টি করে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউ জিল্যান্ড। প্রথম ওভারেই জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক টম লাথাম। দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি। নিউজি ল্যান্ডের অধিনায়ক হিসেবে টেস্টে এক ম্যাচে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার তৃতীয় ঘটনা এটি।

এরপর হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে মিলে প্রতিরোধ গড়েন। দ্বিতীয় উইকেটে আসে ৫০ রানের জুটি। ৬০ রানে নিকোলসকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে দিন পার করেন কনওয়ে। দিন শেষে ৫৯ রানে অপরাজিত কনওয়ে। রবীন্দ্র অপরাজিত ২৭ রান নিয়ে।


অন্যান্য সংবাদ