সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮ পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় মেসির পান্তের রেকর্ডের দিনে ৭২০ রানে ভারতের ইতিহাস রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে দলে চায় আর্জেন্টিনা ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী সরকারের লক্ষ্য এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি : প্রধানমন্ত্রী ককটেল বিস্ফোরণ ও যানবহনে আগুন; আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 22, 2026
১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা নিশ্চিত করা অর্ডার থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। জরিপে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র উঠে এসেছে।

জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। এসব কারখানা অস্থিতিশীল পরিস্থিতির কারণে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু এই ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্য)।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশই ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

অন্যদিকে, অস্থিতিশীলতার কারণে ক্রেতাদের আস্থায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে।

বিজিএমইএ বলছে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বড় আঘাত এসেছে। অন্য দেশে বিপুল পরিমাণ অর্ডার চলে যাওয়ার মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করছে সংগঠনটি। শিল্পের উৎপাদন সচল রাখা এবং ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।


অন্যান্য সংবাদ