রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবহনে অগ্নিকাণ্ডের জেরে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ বলে মনে করে বিরোধীদল। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কোন মূল্যে প্রতিহত করা হবে। তবে এসব ঘটনায় কোন পক্ষের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনের মুখোমুখি করার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক রয়েছে জনমনে। এজন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের সংশ্লিষ্টতার দাবি করেছে পুলিশ।
তবে, এ ধরনের ঘটনায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়ে সরকার ও বিরোধী দল প্রায় একমত হলেও, পাল্টাপাল্টি অবস্থান রয়েছে নিয়ন্ত্রণ নিয়ে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের প্রশ্ন, আওয়ামী লীগের সহায়তায় ক্ষমতায় আসায় তাদের ছাড় দিচ্ছে কি বিএনপি? বলেন, কোনভাবেই সন্ত্রাস দমনে সফল হতে পারছে না সরকার। বিরোধী দলের এমন অভিযোগে স্পষ্ট কিছু না বলে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব নয়। এ সব ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড জনগণ সন্তুষ্ট বলেও মনে করেন তিনি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বলেন, ‘তাদের মধ্যে ইন্টারনাল কোনো যোগসাজশ আছে কি না, এই গভর্নমেন্টটা তো কীভাবে আসছে? এটা তো বোঝাপড়ার রাজনীতি, আওয়ামী লীগ ভার্সেস বিএনপির। এটা হলো আওয়ামী লীগ তার যে বক্তব্য দিয়েছে সরকার সেই বক্তব্যে কিন্তু প্রতিবাদ করছে না। ফলে এটা এস্টাবলিশড অনেকটা হয়ে গেছে যে আসলে অন্য ইঞ্জিনিয়ারিংও হয়েছে আবার দুই দলের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে, জমাট টাকার রাজনীতি। এই জায়গা থেকে যদি কোনো কমিটমেন্ট থাকে, তাহলে গভর্নমেন্ট তাদেরকে স্পেস দিচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তার অঙ্গীকারের প্রতি বিরোধী দলের নেতা তিনিও সেটাকে সমর্থন দিয়েছেন। বিশেষ করে যারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে কাজ করছে।’
তবে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে একই সুরে কথা বললেন সরকার ও বিরোধী দল। বলেন, দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই দেশে ফেরার নাটক চলছে।
হামিদুর রহমান বলেন, ‘এখানে তিনটি জিনিস আমি দেখি— একটা হলো আনসিনে আলোচনা রাখতে চায়; আরেকটা হলো এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা ভূমিকা আছে, পরিস্থিতি অস্থিরতা তৈরি হবে এর মধ্যে দিয়ে, তাদেরও কোনো রাষ্ট্রীয় বেনিফিটের কৌশল আছে কি না এই প্রশ্নটাও সামনে আসে। থার্ড হলো যে, দলীয় কর্মীরা আওয়ামী লীগের, তারা তো কোনো অ্যাক্টিভিটিজ নাই, নিষিদ্ধ সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আছে। সেই হিসেবে তারাও একটা এগুলো করে আলোচনায় আসতে চায়, কর্মীদের চাঙ্গা করতে চায়।’
রিজভী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার, সেই সরকারকে ব্যর্থ করে দিয়ে যে ব্যক্তি শিশু খুন করেছে, স্কুলের ছাত্রদেরকে হত্যা করেছে, ইউনিভার্সিটি ছাত্রদেরকে হত্যা করেছে, সেই হত্যাকারীকে নাকি ফিরিয়ে নিয়ে আসবে। এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ।’
রাজনৈতিক বিশ্লেষক কাজী মো. মাহবুবুর রহমান মনে করেছন, দেশকে অস্থিতিশীল করতে কোন গোষ্ঠীর সামষ্টিক আগ্রাসন মোকাবেলা এখন আইন-শৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। সহিংসতায় উস্কানি দাতা হিসাবে কোন পক্ষ জড়িত থাকলে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান তার।
কাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘এতগুলো ইনসিডেন্ট তো এভাবে হয় না। এর পিছনে গোষ্ঠীগত ইন্ধন থাকছে। সেই গোষ্ঠীগত ইন্ধন যতদিন শেষ না হবে, ততদিন আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন যারা তাদের স্ট্রাগল করতেই হবে। আমাদেরকেও একটা লড়াই করতে হবে। আমাদের ভিতর থেকে কেউ কেউ এ ধরনের অস্থিরতার মধ্যে সহিংসতার মধ্যে ইন্ধন দিচ্ছেন, অবশ্যই তাদেরকেও পাকড়াও করতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে।’
এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ক্ষমতার হিসাব নিকাশের বাইরে গিয়ে জনমনে আস্থা ফিরিয়ে আনাই প্রধান কাজ হবে সব পক্ষের।