মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপান ও চীনের আকাশ সীমায় উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকোটের জোট ম্যানিলায় কোয়াড বৈঠক দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু শেখ হাসিনার বিচার বাংলাদেশে হবে, অন্য দেশ এ বিষয়ে কথা বলতে পারে না: ডা. জাহেদ ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা

ম্যানিলায় কোয়াড বৈঠক দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু

আন্তর্জাতিক ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
ম্যানিলায় কোয়াড বৈঠক দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াডের শীর্ষ নেতাদের দুই বছর পর হতে যাওয়া প্রথম বৈঠকে যোগ দেবেন তিনি। তবে ম্যানিলায় পৌঁছালে তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের এই এশিয়া সফরের সূচিতে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলন এবং চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রতীক্ষিত একটি ত্রিপক্ষীয় বৈঠক রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নতুন বিধিনিষেধের মধ্যেই এই সফরটি হচ্ছে। মার্কিন এই বিধিনিষেধের কারণে দুই দেশের মধ্যকার ভঙ্গুর বাণিজ্যযুদ্ধ বিরতি জটিলতায় পড়তে পারে।

ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ম্যানিলায় গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। এসব কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহ শৃঙ্খল উদ্যোগ প্যাক্স সিলিকা বাতিলের দাবি জানানো হয়েছে। ম্যানিলায় পৌঁছানোর পরও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে।

যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোটের কোনো বৈঠকে এটিই হতে যাচ্ছে ট্রাম্পের প্রথম অংশগ্রহণ। সর্বশেষ দুই বছর আগে এই জোটের বৈঠক হয়েছিল। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন কোয়াডকে তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে দেখতেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে হতে যাওয়া এপেক সম্মেলনের ঠিক আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বেইজিংকে ঘিরে ফেলার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে আগে এই জোটের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন শি জিনপিং। তবে কোয়াড সদস্যদের দাবি, এই জোট নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়।

যুক্তরাষ্ট্রের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ও দ্য এশিয়া গ্রুপের সহপ্রতিষ্ঠাতা কার্ট ক্যাম্পবেল মনে করেন, ট্রাম্পের অধীনে কোয়াড জোটের উচ্চাকাঙ্ক্ষায় কিছুটা ভাটা পড়েছিল। তবে সঠিক সময়ে আবারও এই বৈঠক আয়োজনের কৃতিত্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ টেনে ক্যাম্পবেল বলেন, ‘রুবিও হয়তো ভাবছেন যে ত্রিপক্ষীয় বৈঠকে যাওয়ার আগে এটিই সম্ভবত সবচেয়ে ভালো বার্তা হতে পারে। এশিয়ায় আমরা যা কিছুই করি না কেন, তার মূল ভিত্তি হলো যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক। প্রেসিডেন্টের অগ্রাধিকার তালিকায় বিষয়টি শীর্ষে নেই—এমন ধারণা তৈরি হলে তা আমার জন্য উদ্বেগের কারণ হতো।’

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার বলেন, ট্রাম্পের নেতৃত্বে কোয়াড প্রমাণ করেছে যে এটি ‘কাজের অংশীদারত্ব, যা এই অঞ্চলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করতে নতুন সুযোগ তৈরি করছে’।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে কোয়াড নেতারা নিজেদের ঐক্য তুলে ধরার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে সমুদ্রপথের নিরাপত্তা, রপ্তানি বিধিনিষেধ, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, সমুদ্রের তলদেশের কেবল, উদীয়মান প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলায় সহায়তার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

এর আগে সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বৈশ্বিক বাণিজ্য বিধিনিষেধের মধ্যেও চীন ও আসিয়ানের ‘সত্যিকারের অসাধারণ’ অর্থনৈতিক অর্জনের প্রশংসা করেন। মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার ব্যক্ত করে তিনি ‘ঐক্যবদ্ধ থাকা, বাইরের হস্তক্ষেপ ঠেকানো এবং একসঙ্গে কাজ করার’ ওপর জোর দেন। চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগের প্রধান উৎস। তবে ৩ লাখ ৯০ হাজার কোটি ডলারের বেশি সমন্বিত জিডিপির ১১ সদস্যের এই জোটের বড় অর্থনীতির দেশগুলো ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়।

বার্ষিক পূর্ব এশিয়া সম্মেলনের আগে মঙ্গলবার জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিয়ান নেতারা। রপ্তানি বিধিনিষেধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক অর্থনৈতিক ও জ্বালানি সক্ষমতা বাড়াতে আসিয়ানের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজসহ অন্যান্য পণ্যের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করারও আশ্বাস দিয়েছেন তিনি। তাকাইচি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা যখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাপান আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে।’

মঙ্গলবার বিকেলের শেষ ভাগে ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে এবং তিনি পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে তিনি যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে অংশ নেবেন এবং বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিত্র ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার অগ্রগতি নিয়ে মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে ট্রাম্প একটি যৌথ বিবৃতিতে সই করবেন বলে থাই সরকার ও দেশটির গণমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার; চলতি বছর দেশটির মোট রপ্তানির ২৪ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে। ২০০৩ সালে থাইল্যান্ডকে ন্যাটোবহির্ভূত প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি দেয় ওয়াশিংটন।


অন্যান্য সংবাদ