একসময় পাকিস্তানের সংগীতজগতে ছিল তার দাপট। সেখান থেকে বাংলাদেশে ফেরার পরই পড়তে হয়েছিল বয়কটের মুখে। সহশিল্পীরা তার সঙ্গে একই মঞ্চে উঠতে চাইতেন না, স্টুডিওতেও একসঙ্গে কাজ করতে অনীহা দেখাতেন অনেকে। কিন্তু এত বাধার পরও থেমে থাকেননি তিনি। নিজের কণ্ঠের জাদুতে জয় করেছেন শ্রোতাদের মন। সময়ের সঙ্গে হয়ে উঠেছেন বাংলাদেশের সংগীতজগতের এক উজ্জ্বল নাম। তিনি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আজ ১৭ নভেম্বর তার জন্মদিন।
১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা, মা আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। বাবার চাকরির সুবাদে ছোটবেলাতেই পরিবারের সঙ্গে পাড়ি জমান করাচিতে। সেখানেই শুরু হয় তাঁর সংগীতের পথচলা। মাত্র ছয় বছর বয়সে গানের তালিম নেওয়া শুরু করেন। নয় বছর বয়সে আন্তস্কুল সংগীত প্রতিযোগিতায় প্রথম হন তিনি। এরপর মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে পেশাদার সংগীতজগতে পা রাখেন।
ষাটের দশকের শেষভাগে পাকিস্তানের সংগীতাঙ্গনে পরিচিতি পেতে শুরু করেন রুনা। উর্দু গানে তার কণ্ঠের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা থেকে চলচ্চিত্রের গান সবখানেই তৈরি করেন নিজের আলাদা পরিচয়। তবে স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে আসার পথটা তার জন্য সহজ ছিল না।
সত্তরের দশকের মাঝামাঝি বাংলাদেশে ফিরে এসে পেশাগত বয়কটের মুখে পড়েন তিনি। এক সাক্ষাৎকারে রুনা নিজেই জানিয়েছিলেন, সে সময় অনেক শিল্পী তার সঙ্গে গান গাইতে, একই মঞ্চে দাঁড়াতে কিংবা স্টুডিও ভাগাভাগি করতে রাজি ছিলেন না। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়েও প্রশ্ন ছিল তার মনে। ব্যক্তিগত জীবনে তখন আবার বোনের ক্যানসারের মতো কঠিন পরিস্থিতিও সামলাতে হচ্ছিল তাকে।
তবে শিল্পীর সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে শ্রোতাদের ভালোবাসা। সহশিল্পীদের অনীহা কিংবা পেশাগত প্রতিবন্ধকতা তার জনপ্রিয়তা কেড়ে নিতে পারেনি। বরং বাংলা গানের পাশাপাশি হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, সিন্ধিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে ছড়িয়ে দেন নিজের পরিচিতি। ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি তাকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও বিশেষভাবে পরিচিত করে তোলে।
দীর্ঘ সংগীতজীবনে ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। পেয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ১৯৭৭ সালে অর্জন করেন একুশে পদক, পরে পান স্বাধীনতা পুরস্কার।
আজ বয়সের হিসাব ছাপিয়ে তার পরিচয় সংগীতের এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে। নতুন প্রজন্মের কাছেও তার গান সমানভাবে সমাদৃত। বয়কটের অন্ধকার পেরিয়ে জনপ্রিয়তার আলোয় ফিরে আসার গল্পটি তাই শুধু একজন শিল্পীর সাফল্যের ইতিহাস নয়, এটি প্রতিভা, আত্মবিশ্বাস আর শ্রোতাদের ভালোবাসারও গল্প। জন্মদিনে সেই রুনা লায়লাকে জানাই শুভেচ্ছা।