মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন!

অভিজিত বনিক / ৪ জন দেখেছেন
আপডেট : November 17, 2026

ইসকনকে জঙ্গি আখ্যা দেওয়ার আগে তথ্য জানুন, ব্যক্তিকে অপবাদ দেওয়ার আগে তাঁর জীবনাচরণ দেখুন।
অভিজিত বনিক
আমি কি সত্যিই ইসকনের সদস্য? কিছু মানুষের অপপ্রচারের কারণে আজ এমন প্রশ্ন আমাকে নিজের কাছেই করতে হচ্ছে। কারণ, কোনো ধরনের প্রমাণ ছাড়াই কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ইসকনের সদস্য বলে প্রচার করছেন। কেউ কেউ আবার এই পরিচয়কে গালি কিংবা অপমানের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এতে আমি সামাজিক, মানসিক ও ব্যক্তিগতভাবে হুমকির মুখে পড়ছি।
তাঁদের কাছে আমার প্রশ্ন, আমার ধর্মীয় পরিচয় নিয়ে এমন মিথ্যাচার করে আপনারা কী অর্জন করতে চান? আপনাদের প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট করুন।
আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি ইসকনের সদস্য নই। ইসকনের সাংগঠনিক পরিচয়, পোশাক কিংবা জীবনযাপনের নিয়মের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনাচরণের মিল নেই। ইসকনের দীক্ষিত অনুসারীদের মধ্যে নিরামিষভোজী হওয়ার নিয়ম প্রচলিত। তাঁদের খাদ্যাচারে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ ও রসুন বর্জন করা হয়। অন্যদিকে আমি মাছ-মাংস খাই। মুসলিম পরিচালিত হোটেলে নাশতা করি, মুসলিম ভাইদের বাড়িতে নিমন্ত্রণে গিয়ে খাবার খাই। শুধু তা-ই নয়, আমার সংগঠনের উদ্যোগে প্রতিবছর ইফতারের আয়োজন করি এবং অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করি। বিষয়গুলো আমার পরিচিতজনদের অজানা নয়। এমনকি যাঁরা আমাকে ইসকনের সদস্য বলে অপপ্রচার করছেন, তাঁরাও এসব জানেন।
এসব বলার উদ্দেশ্য কোনো ধর্মীয় খাদ্যাভ্যাসকে ছোট করা নয়। বরং বোঝাতে চাই, একজন মানুষের জীবনযাপন ও বিশ্বাস সম্পর্কে না জেনে তাঁর ওপর কোনো মিথ্যা সাংগঠনিক পরিচয় চাপিয়ে দেওয়া অন্যায়।
আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন মানুষ। সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই এ দেশের নাগরিক। আমার বিশ্বাস, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কারও ধর্মীয় বিশ্বাস কিংবা উপাসনার পদ্ধতি আমার ব্যক্তিগত পছন্দের সঙ্গে না মিললেই তাঁকে অপমান করার অধিকার কারও নেই।
আচ্ছা, ইসকন কি জঙ্গি সংগঠন?
এই প্রশ্নের উত্তর আবেগ, রাজনৈতিক বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার ভিত্তিতে দেওয়া যায় না। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন একটি কৃষ্ণভক্তিভিত্তিক ধর্মীয় সংগঠন। তাদের মূল ধর্মীয় চর্চার মধ্যে রয়েছে কৃষ্ণনাম সংকীর্তন, পূজা-অর্চনা, ধর্মীয় শিক্ষা ও নিরামিষ প্রসাদ বিতরণ।
বাংলাদেশে ইসকনকে ঘিরে বিভিন্ন সময়ে বিতর্ক, অভিযোগ ও রাজনৈতিক আলোচনা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। ২৮ নভেম্বর ২০২৪ আদালত নিষেধাজ্ঞা জারির আবেদন নিয়ে কোনো রুল দেননি। সরকারও আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়েছিল।
সুতরাং, কোনো সংগঠনের বিরুদ্ধে অভিযোগ ওঠা আর আদালত বা আইনগত প্রক্রিয়ায় সেটিকে জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা এক বিষয় নয়। কোনো সংগঠন সম্পর্কে গুরুতর অভিযোগ থাকলে তা অবশ্যই তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে। গুজব কিংবা প্রচারণার মাধ্যমে কাউকে বা কোনো সংগঠনকে অপরাধী সাব্যস্ত করা যায় না।
আমার প্রশ্ন, সুনির্দিষ্ট প্রমাণ ও আইনগত সিদ্ধান্ত ছাড়া একটি ধর্মীয় সংগঠনের সব অনুসারীকে জঙ্গি বলে আখ্যা দেওয়া কতটা দায়িত্বশীল আচরণ? কোনো ব্যক্তির অপরাধ থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেই দায় পুরো ধর্মীয় সম্প্রদায় কিংবা সংগঠনের প্রত্যেক অনুসারীর ওপর চাপিয়ে দেওয়া যায় না।
মতপার্থক্য থাকতে পারে, বিদ্বেষ নয়
ইসকনের কিছু কর্মকাণ্ড, বক্তব্য কিংবা সাংগঠনিক বিষয়ে আমারও মতপার্থক্য থাকতে পারে। কোনো সংগঠনই সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু সমালোচনা আর বিদ্বেষ এক বিষয় নয়। কোনো বিষয়ে আপত্তি থাকলে তথ্য-প্রমাণ দিয়ে আলোচনা করুন। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিন। কিন্তু ধর্মীয় পরিচয়কে গালি বানিয়ে মানুষকে হেয় করবেন না।
সাংবাদিক ইলিয়াস ও পিনাকীসহ বিভিন্ন ব্যক্তির বক্তব্যে ইসকন নিয়ে যে আলোচনা ও সমালোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেগুলোও যাচাই-বাছাই করে দেখা প্রয়োজন। তাঁদের বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকতে পারে। কিন্তু কোনো বক্তব্য অন্ধভাবে বিশ্বাস করে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমালোচনা করার অধিকার সবার আছে, তবে তথ্য যাচাইয়ের দায়িত্বও সবার রয়েছে।
আমার পরিচয় আমার জীবনাচরণে
প্রতিবছর আমার সংগঠনের মাধ্যমে ইফতারের আয়োজন করি। মুসলিম ভাইবোনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। তাঁদের বাড়িতে যাই, তাঁদের সঙ্গে খাবার খাই। আবার হিন্দু ধর্মীয় উৎসবেও মানুষের পাশে দাঁড়াই। আমি বিশ্বাস করি, মানুষের পরিচয় শুধু তার ধর্মীয় আচার দিয়ে নয়, তার মানবিকতা, আচরণ ও বিবেক দিয়েও নির্ধারিত হয়।
মাঝেমধ্যে ভাবি, ইসকনের অনেক ভক্তের মতো যদি আমিও নিয়মিত ভগবানের নাম জপ করতে পারতাম, নিজের মনকে আরও সংযত করতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো মানুষ হতে পারতাম। তাঁদের নিরামিষ জীবনযাপনের প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমি নিরামিষভোজী নই। কারও প্রতি শ্রদ্ধা থাকা মানেই তাঁর সংগঠনের সদস্য হওয়া নয়।
আরেকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, কোনো সংগঠন আইনত নিষিদ্ধ না হলে এবং তার কর্মকাণ্ডে আইনবিরোধী কিছু না থাকলে, প্রত্যেক নাগরিকেরই আইন মেনে সংগঠন করার অধিকার রয়েছে।
আমার পোশাক, খাবার কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে অন্য কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমি কী খাব, কী পরব, তা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ।
আমি কখনোই ইসকনের গেরুয়া পোশাক পরি না। ইসকনের নির্দিষ্ট ধর্মীয় পোশাক ও সাংগঠনিক পরিচয়ের বিষয়টি তাদের নিজস্ব নিয়মের সঙ্গে সম্পর্কিত। আমি সেই সাংগঠনিক পরিচয়ের কেউ নই। আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মবিশ্বাসের প্রতিও আমার গভীর শ্রদ্ধা রয়েছে।
আমার ধর্মীয় বিশ্বাস আমার নিজস্ব বিষয়। কাউকে খুশি করার জন্য কিংবা কারও রাজনৈতিক বক্তব্যের সঙ্গে তাল মেলানোর জন্য আমাকে নিজের পরিচয় বদলাতে হবে না।
অপপ্রচার বন্ধ করুন, সম্প্রীতি রক্ষা করুন
যাঁরা আমাকে বিনা কারণে ইসকনের সদস্য বলে প্রচার করছেন, তাঁদের প্রতি আমার স্পষ্ট বক্তব্য—এই অপপ্রচার বন্ধ করুন। আমার নাম ব্যবহার করে কেউ যদি নিজের অনুসারীদের কাছে বাহবা পেতে চান, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু মিথ্যা পরিচয় দিয়ে কাউকে সামাজিকভাবে হেয় করার অধিকার কারও নেই।
প্রয়োজনে আমি শক্ত ভাষায় প্রতিবাদ করব। তবে আমার প্রতিবাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, কোনো ধর্মের মানুষের বিরুদ্ধে নয়।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একজন মুসলমান নির্বিঘ্নে মসজিদে যাবেন, একজন হিন্দু মন্দিরে পূজা করবেন, একজন বৌদ্ধ বিহারে প্রার্থনা করবেন এবং একজন খ্রিষ্টান গির্জায় উপাসনা করবেন। কেউ কারও ধর্মীয় পরিচয়ের কারণে অপমানিত কিংবা হুমকির মুখে পড়বেন না।
মনে রাখতে হবে, ধর্ম মানুষকে মানবিক হতে শেখায়, ঘৃণা করতে নয়। আসুন, অপপ্রচার নয়—সত্যকে গ্রহণ করি। বিদ্বেষ নয়—সম্প্রীতি ছড়াই। ধর্মের নামে বিভাজন নয়, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই।
আমি ইসকনের সদস্য নই। আমি একজন মানুষ, একজন সাংবাদিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী একজন নাগরিক। আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন। তা না হলে শক্ত হাতে এই মিথ্যা অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।


অন্যান্য সংবাদ