সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার।
ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার কথা রয়েছে তার। আজ বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের অনুশীলন সেশনেও গা ঝালাইয়ে নেমে পড়বেন হামজা।
এদিকে একই দিন সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফারহান আলীর। তবে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি তিনি।
বর্তমানে ট্রানজিট শহর দোহায় তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দোহায় অপেক্ষার প্রহর শেষে আজ সন্ধ্যায় তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন।
হামজার আগমনে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে উন্মাদনা যেন বহুগুণ বেড়ে গেছে। তারকা এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি দলের শক্তি যেমন বাড়াবে, তেমনি সতীর্থদের আত্মবিশ্বাসও তুঙ্গে নিয়ে যাবে বলে আশা সমর্থকদের। ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা সমৃদ্ধ হামজার সামর্থ্যকে কাজে লাগিয়ে এবারের সাফে দারুণ কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।