হেমন্তের শীতল বাতাসে তাপমাত্রার দাপট খানিকটা কমে অনুভূত হচ্ছে শীত। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থায় আগামী ৪ দিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। সোমবার (০৯ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই সঙ্গে এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার (১০ নভেম্বর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর মধ্যে সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আরও জানিয়েছেন, আগামী বুধ ও বৃহস্পতিবার (১১-১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দুই দিনে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আগামী শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।