ফুটবল আর অ্যাথলেটিকস। দুই ভিন্ন জগতের দুই মহাতারকা তারা। একজন গোল করে জয় করেছেন কোটি মানুষের হৃদয়, অন্যজন গতির ঝড় তুলে গড়েছেন বিশ্বরেকর্ড। দীর্ঘদিনের পরিচিত সেই ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিতেই পুরোনো স্মৃতি সামনে আনলেন উসাইন বোল্ট। পর্তুগিজ তারকাকে অভিনন্দন জানিয়ে বিশ্বের দ্রুততম মানব লিখেছেন, রোনালদো সবাইকে তার ভক্তে পরিণত করেছেন।
১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর উদ্দেশে শুভেচ্ছাবার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জন্য তোমাকে অভিনন্দন। তুমি আমাদের সবাইকে ভক্তে পরিণত করেছ।’ বার্তার সঙ্গে ২০০৯ সালে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার কার্যালয়ে রোনালদোর সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন জ্যামাইকান কিংবদন্তি।
২০০৯ সাল ছিল দুজনের ক্যারিয়ারেই স্মরণীয়। ওই বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। অন্যদিকে, বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতেন বোল্ট। ৪×১০০ মিটার রিলেতেও বিশ্ব চ্যাম্পিয়ন হয় তার দল।
তবে রোনালদোর সঙ্গে বোল্টের পরিচয় হয়েছিল এরও আগে, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রথম দেখার স্মৃতি জানিয়েছিলেন বোল্ট। তার ভাষায়, ‘প্রথমবার তার কথা শুনেছিলাম ম্যানচেস্টার সফরের সময়। আমার মনে আছে, স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে অনুশীলন দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই রোনালদোর সঙ্গে পরিচয়। অনুশীলনে তার করা দুর্দান্ত একটি গোল দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।’
রোনালদোও যে বোল্টের ভক্ত, সেটিও গোপন ছিল না। পর্তুগিজ তারকা তাকে ইতিহাসের সেরা স্প্রিন্টার হিসেবে অভিহিত করে বলেছিলেন, ‘আমি তার ভক্ত।’ অন্যদিকে বোল্ট জানিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদের সমর্থক। তার কথায়, ‘এটাই বিশ্বের সেরা দল।’