ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। বিরতির পরই যেন খোলস ছেড়ে বেরোল লস ব্ল্যাঙ্কোসরা। জুড বেলিংহামের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর কিলিয়ান জোড়া গোড়ায় পিএসভি আইন্দহোভেনকে বিধ্বস্ত করেছে হোসে মরিনিয়োর দল।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসভিকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচে পিএসভির হয়ে গোল করেন ইভান পেরিসিচ। রিয়ালের হয়ে এমবাপে দুটি, ফেদেরিকো ভালভার্দে, বেলিংহাম ও ভিনিসয়ুস জুনিয়র করেন একটি করে গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে পিএসভি। তবে রুবেন ফন বোমেল, স্ভেন মাইনান্স ও কোদাই সানো গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। ৩২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন পেরিসিচ। বক্সে মাইনান্সের পায়ে অরেলিয়েন চুয়ামেনির পা লাগায় ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
বিরতির পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ। মাঠে নামেন বেলিংহাম, ডিন হুইসেন ও ইব্রাহিম কোনাতে। বেলিংহামের আগমনে বদলে যায় খেলার গতি। ৫০তম মিনিটে আর্দা গুলারের ব্যাকহিল থেকে বল পেয়ে সমতা ফেরান ভালভার্দে।
এরপর বেলিংহামের জাদু। ৬০তম মিনিটে বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূরে বল পেয়ে প্রথমে বাঁ পায়ে নিয়ন্ত্রণে নেন। এরপর ডান পায়ে বলটি একটু ওপরে তুলে নিয়ে বাইরের অংশ দিয়ে দুর্দান্ত ভলি করেন। পোস্টে লেগে জালে ঢোকে বল। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
চার মিনিট পর আবারও এগিয়ে যায় রিয়াল। আরদা গুলেরের পাস থেকে জোরালো শটে ব্যবধান ৩-১ করেন এমবাপে। ৮৪তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস ধরে গোলকিপারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৮ ম্যাচে এটি তার ১৯তম গোল।
ম্যাচের ৮৭তম মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে ২৮ নম্বরে রয়েছে পিএসভি।