দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনা বাইসাইকেলের বিভিন্ন নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল প্রদর্শন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী সেগুলো চালিয়ে দেখেন এবং মান ও ব্যবহারিক দিক পরখ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত বিভিন্ন মডেলের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।
সরকারের এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।