আইসিসি উইমেন’স ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে বুধবার আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে লঙ্কান নারীরা।
আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ১২.৪ ওভারে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।
এবারই প্রথম আইসিসির পাঁচটি সহযোগী সদস্য দেশের সঙ্গে পাঁচটি পূর্ণ সদস্যকে নিয়ে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। যেখানে শ্রীলঙ্কার সামনে পাত্তা পায়নি কোনো দল।
গত আসরে খেলেছিল ৮টি সহযোগী সদস্য দেশ। রাউন্ড রবিন লিগে সাতটি করে ম্যাচ খেলার পর সমান ১০ পয়েন্ট ছিল থাইল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড।
পরে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে চ্যাম্পিয়ন হয় থাইল্যান্ড। এবার তারা গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটি হেরে খালি হাতে বিদায় নেয়।
ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একদম সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। ছয় নম্বরে নেমে ২৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অ্যালানা ডালজেল। এছাড়া লুইস লিটল ১৫, জর্জিনা ডিম্পসি করেন ১৩ রান।
শ্রীলঙ্কার পক্ষে ১৩ রানে ৪ উইকেট নেন সাথিয়া সান্দিপানি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
রান তাড়ায় পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। চার নম্বরে নেমে দলের হাল ধরেন ইমেশা দুলানি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৫ বলে ৪৪ রান করেন তিনি। এছাড়া কাভিশা দিলহারি ১০ বলে ১৬ ও সানজানা কাভিন্দি করেন ২২ বলে ২৫ রান।