মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নতুন নিয়মে মিলবে ভারতীয় ভিসা, পর্যটকদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
নতুন নিয়মে মিলবে ভারতীয় ভিসা, পর্যটকদের জন্য সুখবর

ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির সরকার। দীর্ঘদিনের জটিল আবেদন প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসার ক্যাটাগরি ও উপশ্রেণি কমিয়ে আনা হয়েছে।

নতুন নিয়মে আগের ১৩টি প্রধান ভিসা ক্যাটাগরি কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে ৪৯টি উপশ্রেণি কমিয়ে আনা হয়েছে ২৩টিতে। ফলে ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঝামেলা কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের ঘর বা কলাম ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমবে।

যে ৯ ক্যাটাগরিতে দেওয়া হবে ভিসা: নতুন কাঠামো অনুযায়ী, এখন থেকে নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা দেবে ভারত। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। আগে যা ‘ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত ছিল, এখন সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সেও অংশ নেওয়া যাবে এই ভিসায়।

ভিজিটর ভিসাকে আবার ভি-১ ও ভি-২ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও এই ভিসা ব্যবহার করা যাবে।

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় নতুন সুবিধা: চিকিৎসাসেবা নিতে ভারতে যাওয়া বিদেশিদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

রোগীদের সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা দেওয়া হবে। এতে রোগী ও তাদের সহকারীদের বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে।

শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন নির্দিষ্ট করা হয়েছে। স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হতে পারে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ব্যবসায়িক ভিসাতেও আসছে পরিবর্তন: নতুন নিয়মে ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ ও ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বি-১ ভিসা।

অন্যদিকে, স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে বি-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ থাকবে।

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম?: নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভিসার ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতেই এই সংস্কার করা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থার হালনাগাদের কাজ চলছে।


অন্যান্য সংবাদ