ইরানের সঙ্গে আট মাস ধরে চলা যুদ্ধ অবসানে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথা বিবেচনা করছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থান সেই উদ্যোগকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাম্প জানান, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে ভ্যান্সকে অভ্যন্তরীণ দুর্নীতিবিরোধী কার্যক্রমে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন ভ্যান্স। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর অনুমতি দিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির কাছে বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান ভ্যান্স। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহার নামও আলোচনায় আসে। তবে বৈঠকের কোনো তারিখ নির্ধারিত হয়নি।
অন্যদিকে, ইরান সরাসরি আলোচনার খবর অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ভ্যান্স ও রেজায়ির মধ্যে কোনো বৈঠক নির্ধারিত নেই। রেজায়িও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা চলছে না।
কূটনৈতিক প্রচেষ্টার অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের কয়েকটি শর্ত। তেহরান চাইছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হোক। এসব দাবি পূরণের আগে নতুন আলোচনা শুরুর বিষয়ে অনড় অবস্থান নিয়েছে দেশটি।
মধ্যস্থতাকারীরা উত্তেজনা কমাতে একটি অন্তর্বর্তী সমঝোতার প্রস্তাব দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইরানের কাছাকাছি এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং বন্দর অবরোধ শিথিল করার বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে ২৫টি তেলবাহী জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার বিষয়টি রয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে অবাস্তব বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের বিরোধী নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তিতে রাজি হবে না ট্রাম্প প্রশাসন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি প্রাথমিক সমঝোতা হলেও স্থায়ী শান্তিচুক্তি হয়নি। যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন ভ্যান্স। ট্রাম্পও স্বীকার করেছেন, যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাব নির্বাচনের ফলাফলে ভূমিকা রেখেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের পরিবর্তিত অবস্থানের কারণে কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে কাতার এখনো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে অন্তর্বর্তী সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একই দিন রুবিও জানান, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছেন, তেহরান কূটনীতির দরজা বন্ধ করেনি। তবে নতুন করে সামরিক হামলা হলে জবাব দেওয়া হবে।
ফলে ভ্যান্স ও রেজায়ির সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হলেও দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ শুরুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র : The Wall Street Journal, Gulf News