ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল লে আভর। এরপরের গল্পটা শুধু আশরাফ হাকিমির। নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়েও করালেন জোড়া গোল। তার দুর্দান্ত নৈপুণ্যে শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে গোল উৎসব করেছে পিএসজি।
লে আভরের মাঠ স্তাদ ওসিয়ানে লিগ আ’র ম্যাচে পিএসজির জয় ৫-১ ব্যবধানে। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ফরাসি চ্যাম্পিয়নরা। লিগে ৯ ম্যাচে ২০ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে পিএসজি।
ম্যাচের ১৮তম মিনিটে জশ মাজা গোল করে লে আভরকে এগিয়ে দেন। ২৬তম মিনিটে হাকিমির পাস থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান মিকা গডটস। দুই মিনিট পর নিজেই গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর এই রাইটব্যাক।
বিরতির পর ৫৫তম মিনিটে ফ্রি-কিক থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি। এরপর ৬২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সেনি মায়ুলুর গোলে ব্যবধান ৪-১ করে পিএসজি। সেই গোলেও সহায়তা করেন হাকিমি। সাত মিনিট পর ডিফ্লেকশনে পাওয়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা নবম জয়। অন্যদিকে টানা পঞ্চম হারে লিগের তলানিতে পড়ে আছে লে আভর। ৯ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২।
আরও জিতল যারা
রাতের অন্য ম্যাচে রেনকে ৫-২ গোলে হারিয়েছে নিস। স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করেন এলিয়ে ওয়াহি। প্রথমার্ধে পেনাল্টি থেকে দুটি গোল করার পর ৭৩তম মিনিটে করেন নিজের তৃতীয় গোল। এই জয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠেছে নিস।
আরেক ম্যাচে লেন্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিল। বদলি হিসেবে নেমে ৮৬ মিনিটে জয়সূচক গোল করেন অলিভিয়ে জিরু। এই জয়ে রেনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।