মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মেলানিয়ার উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঐতিহাসিক ‘যুদ্ধবিরতি’

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ জন দেখেছেন
আপডেট : October 24, 2026
মেলানিয়ার উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঐতিহাসিক ‘যুদ্ধবিরতি’

রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘদিনের সংঘাতের মাঝেই হঠাৎ বড় ঘোষণা৷ শুক্রবার, মার্কিন ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প জানালেন, তাঁর উদ্যোগেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওলেশকি শহরে স্থানীয় স্তরে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য, সংঘাতের মাঝে আটকে পড়া সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া। হোয়াইট হাউসের তরফে শুক্রবার জানানো হয়েছে, আগামী ২৯ অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

ঘোষণা অনুযায়ী, এই সমঝোতার শর্তাবলি নির্ধারণ করতে মেলানিয়া ট্রাম্প এবং তাঁর এক প্রতিনিধি রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সরাসরি কাজ করেছেন।

শুক্রবার একটি বিবৃতি দেন খোদ মেলোনিয়া ট্রাম্প৷ সেখানেই তিনি জানান, ‘‘ওলেশকি এমন একটি যুদ্ধবিধ্বস্ত শহর, যা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। আমার হস্তক্ষেপ ছাড়া শহরটিতে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং প্রবীণ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা কার্যত অসম্ভব ছিল।”

কীভাবে কার্যকর হবে যুদ্ধবিরতি?
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতির সময় দুই দেশের অসামরিক প্রতিনিধিরা শহরের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁদের কী ধরনের সাহায্য প্রয়োজন, তা খতিয়ে দেখবেন। প্রয়োজন অনুযায়ী খাবার, ওষুধ, পানীয় জল ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

শহর ছেড়ে যেতে ইচ্ছুক বাসিন্দাদের জন্য নিরাপদ পথ ও যাতায়াতের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। তাঁরা রাশিয়া অথবা ইউক্রেনের নিরাপদ এলাকায় যেতে পারবেন। কোন দেশে যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাসিন্দাদের পছন্দকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

এ ছাড়া, নিরাপদে যাতায়াতের পথ তৈরি করতে মাইন সরানোর মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে হবে। এই গোটা প্রক্রিয়ায় দুই দেশের অসামরিক প্রতিনিধিদের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

উদ্ধার অভিযানে থাকবে মার্কিন সংবাদমাধ্যম
যুদ্ধবিরতি ও উদ্ধার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে একটি স্বাধীন মার্কিন সংবাদমাধ্যমকে এই অভিযানের সঙ্গে যুক্ত করার কথা জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রাশিয়া ও ইউক্রেনের দলগুলির সঙ্গে থেকে গোটা প্রক্রিয়ার নথিবদ্ধ করবেন। এর মাধ্যমে সাধারণ মানুষের ইচ্ছাকে সম্মান করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

সব মিলিয়ে, ওলেশকিতে এই সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের কাছে স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। তবে ২৯ অক্টোবর থেকে এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয় এবং এর ফলে কতজন মানুষ নিরাপদে সাহায্য পান বা শহর ছাড়তে পারেন, এখন সেদিকেই নজর থাকবে। বৃহত্তর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উপর এই উদ্যোগের কোনও প্রভাব পড়বে কি না, তা বলার সময় এখনও আসেনি।

কেন গুরুত্বপূর্ণ ওলেশকি শহর?
ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে নিপ্রো নদীর ওপারে অবস্থিত ওলেশকি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রথম দিক থেকেই শহরটি রুশ দখলে রয়েছে।

দীর্ঘদিনের সংঘাতের জেরে শহরটিতে মানবিক সংকট ক্রমশ গভীর হয়েছে। স্থানীয় বাসিন্দারা খাবার, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ এবং চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে। যুদ্ধের কারণে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার পথগুলিও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ আরও কঠিন হয়ে পড়েছে।

মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ নিয়ে এর আগেও রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে ওলেশকিতে যুদ্ধবিরতির ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আবু ধাবিতে ফের শান্তি আলোচনা রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার৷


অন্যান্য সংবাদ