মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রযুক্তি নিয়ন্ত্রণে প্রয়োজন কঠোর আইন: রিজভী

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
প্রযুক্তি নিয়ন্ত্রণে প্রয়োজন কঠোর আইন: রিজভী

প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়া শুধু ব্যক্তিগত গোপনীয়তার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে এনআইডির তথ্য হ্যাক করে পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি, এ ধরনের ঘটনা ঠেকাতে উপযুক্ত আইনি কাঠামো থাকলে এমনটি করা সম্ভব হতো না।

একইসঙ্গে প্রযুক্তিগত উৎকর্ষকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের মানুষের ব্যক্তিগত তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়ার কথা নয়।

রিজভী বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। অনেকেই এ বিষয়ে উচ্চতর শিক্ষা নিচ্ছেন। বিদেশেও অসংখ্য মেধাবী তরুণ রয়েছেন।

তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্ব পালন না করলে শুধু ব্যক্তিগত তথ্য নয়, জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

বিএনপির এ নেতা বলেন, এনআইডির তথ্য অন্য দেশের হাতে চলে গেলে আমাদের সামরিক ও প্রতিরক্ষাব্যবস্থাও কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, সেই প্রশ্ন সামনে আসে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি সাংঘাতিক ধরনের হুমকি। দেশের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের কাজে লাগিয়ে এই ঝুঁকি মোকাবিলা করতে হবে। কোনোভাবেই দেশের মানুষের তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়ার সুযোগ রাখা যাবে না।

তিনি বলেন, এটি জাতীয় সার্বভৌমত্বের বিষয়। দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, বর্তমানে হোয়াটসঅ্যাপকে অনেকেই সবচেয়ে নিরাপদ যোগাযোগমাধ্যম মনে করেন। অথচ প্রায়ই বিভিন্ন কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে, এসব কথা কীভাবে বাইরে চলে আসছে?

তিনি বলেন, রাজনীতিবিদদের ওপর নজরদারির বিষয়টি আলাদা হতে পারে। কিন্তু সাধারণ মানুষেরও নিজস্ব আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত বিষয় রয়েছে। তারা ঘনিষ্ঠজনের সঙ্গে নিজেদের কথা আদান-প্রদান করবেন। সেখানে অন্য কারও হস্তক্ষেপ করার অধিকার নেই। এটি মানবাধিকারের পরিপন্থি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রযুক্তি যেমন গোটা বিশ্বকে মানুষের কাছে পরিচিত করছে এবং অনেক কাজ সহজ করে দিচ্ছে, তেমনি অনেক ক্ষেত্রে আমাদের নৈতিক অবস্থানও বিপন্ন হচ্ছে। তাই প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।

বিখ্যাত ইংরেজ লেখিকা মেরি শেলির উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি যখন মানুষের মানবিক গুণাবলি ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা ভয়ংকর হয়ে উঠতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিকে নৈতিকতা এবং মানবিক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলেই তা মানবজাতি ও সমাজের কল্যাণে কাজে আসবে।

তিনি বলেন, প্রযুক্তির বিপ্লবের এই সময়ে যথাযথ নিয়ন্ত্রণ ও নিয়মনীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি। তা না হলে সমাজ ও রাষ্ট্র নানা দিক থেকে বিপন্ন হয়ে পড়বে। প্রযুক্তির ব্যবহার হতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের সেমিনার শুধু আলোচনা ও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এখানে উপস্থাপিত গুরুত্বপূর্ণ বক্তব্য ও সুপারিশগুলো সংকলন করে একটি সারসংক্ষেপ বা কার্যবিবরণী তৈরি করা দরকার। পরে তা প্রধানমন্ত্রীর কাছে এবং নীতিনির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো যেতে পারে।

রিজভী বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রের উচিত দেশের দক্ষ প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী রাফেল কবির।


অন্যান্য সংবাদ