নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ হামলায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন (৪৫) এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাঁদের শোভাযাত্রায় হামলা চালান।
এ সময় হামলাকারীরা বহরে থাকা নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) নাম জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোহেল ও শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিয়া পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর ব্যস্ত পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, হামলার ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।