বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার অপশক্তি গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ‘লুকোচুরি’ চলতে পারে না: বিরোধীদলীয় নেতা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৬৩৪ অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোপালগঞ্জে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন বাংলাদেশে বিএনপি কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না: দুদু বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান

অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে

অভিজিত বনিক, সম্পাদক ও প্রকাশক / ৩৯ জন দেখেছেন
আপডেট : November 18, 2026

অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে
💥অভিজিত বনিক💥
সম্পাদক ও প্রকাশক, কালের খবর ২৪ ডট কম
চারদিকে অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে চলছে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও সহিংসতা। আগামীকাল লকডাউন ঘিরে সারাদেশে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। কী হয়, কী না হয়—তা নিয়ে জনমনে অনিশ্চয়তা। কোথাও গাড়িতে আগুন, কোথাও কারখানায় অগ্নিসংযোগ, কোথাও থানা লুট ও অগ্নিসংযোগ। সব মিলিয়ে পরিস্থিতি যেন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা, সহনশীলতা এবং দায়িত্বশীল সিদ্ধান্ত। শুধু শক্তি প্রয়োগ করে কিংবা দমন-পীড়নের মাধ্যমে একটি দেশের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং পরিস্থিতির গভীরতা বিবেচনা করে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে। বিশেষ করে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করে আলোচনার দরজা খোলা রাখা জরুরি বলে মনে করি।
আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। ক্ষমতায় থাকাকালে দলটির ভুলত্রুটি ছিল, আছে। তাদের শাসনামলের নানা কর্মকাণ্ডের সমালোচনা ও জবাবদিহি অবশ্যই থাকতে হবে। অন্যায়, দুর্নীতি, গুম, নির্যাতন কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার হতে হবে নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায়। কিন্তু একটি রাজনৈতিক দলের অপরাধী ব্যক্তিদের বিচার আর পুরো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে ঠেলে দেওয়া এক বিষয় নয়।
বলতে দ্বিধা নেই, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক ভুল ছিল বলে আমি মনে করি। একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ধরনের ভুল হতে পারে।
আমি বর্তমান সরকারের কাছে বিনীত ভাবে রাখতে চাই—রাজনৈতিক সংকটের সমাধান কি নিষেধাজ্ঞা, মামলা আর দমন-পীড়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি জাতীয় স্বার্থে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে?
ভাবছেন, আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি? ভাই, একটু ভাবুন। দলীয় আবেগের বাইরে গিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন।
আপনি স্বীকার করুন আর নাই করুন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। তেমনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকেও শুধু নিষেধাজ্ঞা, মামলা কিংবা গ্রেপ্তারের মাধ্যমে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। একটি দলের সঙ্গে যখন কয়েক প্রজন্মের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা থাকে, তখন সেই বাস্তবতাকে অস্বীকার করে রাষ্ট্র পরিচালনা করা সহজ নয়।
আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক রয়েছে। তাদের সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে বিচার করা যেমন অন্যায়, তেমনি অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির বাইরে রাখাও গ্রহণযোগ্য নয়। কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না, আবার রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অন্যায়ভাবে হয়রানিও করা যাবে না।
মনে রাখতে হবে, বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার বহু চেষ্টা হয়েছে, কিন্তু দলটি টিকে আছে। একই বাস্তবতা আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে, গ্রেপ্তার করে কিংবা রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একটি বড় রাজনৈতিক শক্তির অস্তিত্ব মুছে ফেলা যাবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।
আমার বিবেচনায়, আওয়ামী লীগের যেমন আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে, তেমনি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটি গণতান্ত্রিক সমাধান প্রয়োজন। নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং জবাবদিহির প্রশ্নগুলো আইন ও সংবিধানের আলোকে বিবেচনা করা উচিত। তবে সেটি কোনো বিশেষ দলের প্রতি অনুকম্পা নয়; বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে।
দেশ কোনো একক দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির সম্পত্তি নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক শক্তির জন্যই আইনের শাসন ও ন্যায়বিচারের নীতি সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। অপরাধের বিচার হবে আদালতে, রাজনীতির সমাধান হবে রাজনৈতিক আলোচনায়।
আজ দেশের মানুষ আগুন, আতঙ্ক ও সংঘাত দেখতে চায় না। মানুষ চায় নিরাপত্তা, শান্তি, কর্মসংস্থান এবং স্বাভাবিক জীবনযাপন। রাষ্ট্রের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক পথ অনুসরণ করা।
মনে রাখতে হবে, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতি শেষ পর্যন্ত কাউকেই নিরাপদ রাখে না। আজ যে দমননীতির শিকার হচ্ছে, কাল সেই একই দমননীতি অন্য কারও ওপর প্রয়োগ হতে পারে।
তাই সময়ের দাবি—প্রতিহিংসা নয়, সংলাপ; দমন নয়, ন্যায়বিচার; বিভাজন নয়, রাজনৈতিক সহাবস্থান।
দেশের স্বার্থে রাজনৈতিক আলোচনার দরজা খুলুন। কারণ একটি বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নয়, বরং আইনের শাসন ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করেই স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


অন্যান্য সংবাদ