বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, সেই পথ দেখিয়েছেন। বাংলাদেশকে যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, তাদের সেই চেষ্টা এ দেশের মানুষ মেনে নেবে না।
বাংলাদেশের স্বাধীনতা কোনো দেশের দয়া বা উপহার নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযোদ্ধাদের সশস্ত্র যুদ্ধ এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সেই দেশকে অন্য কোনো দেশের উপহার হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বাংলাদেশের ওপর কোনো ধরনের আগ্রাসী তৎপরতাও মেনে নেওয়া হবে না।
বিএনপির এই নেতা বলেন, শহীদ জিয়াউর রহমানের বাংলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি বরদাস্ত করবে না। দেশনেত্রী খালেদা জিয়ার বাংলাদেশেও এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোট ও ভালোবাসায় রাষ্ট্র পরিচালনা করছেন। তাকে বিপদে ফেলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে কাবু করার চেষ্টা যারা করছেন, তাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে রয়েছে। এ প্রশ্নে কোনো আপস নেই।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের পদানত করতে পারবে না। মওলানা ভাসানী সেই স্বপ্ন দেখিয়েছেন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কীভাবে বিজয় অর্জন করতে হয়, তা শিখিয়েছেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ প্রমুখ।