বিগত ফ্যাসিস্ট চক্রের তৈরি পরনির্ভরশীল ব্যবস্থার কারণে দেশের স্বাস্থ্য খাত যেভাবে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল, ঠিক একইভাবে দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকেও ধ্বংসের মাধ্যমে কোনো বিশেষ দেশের সুবিধা নিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে দেশের পোশাক শিল্প খাতের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ পরনির্ভরশীল করে গড়ে তুলেছিল এবং একটি বিশেষ দেশে সাধারণ মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করার পরিবেশ তৈরি করেছিল, ঠিক একইভাবে দেশের গার্মেন্ট শিল্পকেও ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে এই অপশক্তি।
পোশাক খাতের শ্রমিকদের সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই মজুরি কমিশন সর্বনিম্ম মজুরি ঘোষণা করবে এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন। সরকারের পাশাপাশি সকল মালিকপক্ষও এই মজুরি বাস্তবায়নে আন্তরিক।
উসকানিতে কান দিয়ে নিজ কর্মস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘পলাতক সন্ত্রাসীদের উসকানিতে যারা কারখানা ভাঙচুর করছেন বা আগুন দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন—ফ্যাক্টরি নষ্ট করে ফেললে আপনার বেতন আসবে কোত্থেকে? পলাতক চক্র তো এ দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে গিয়ে আরাম-আয়েশে মগ্ন রয়েছে। ফলে কারখানা নষ্ট হলে ক্ষতি কেবল আপনারই হবে।
নিজের আহার জোগানো কর্মস্থল ও শিল্পকে রক্ষা করতে শ্রমিকদের প্রতি সচেষ্ট ও সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।