গণভোটে জনগণের দেয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠন না করলে দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কেবল সংশোধনের পথে হাঁটলে সংকটের সমাধান হবে না। এ জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংস্কার পরিষদ গঠনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু সরকার গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। উল্টো অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে, যার পরিণতি ভালো হবে না।
তিনি বলেন, গণভোটের গণরায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। জনগণের দেয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সংস্কার পরিষদ গঠন না করে শুধু সংশোধনের উদ্যোগ নিলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের অবসান ঘটবে না।
১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া গেছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া মিলেছে। কর্মসূচিগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে জমে থাকা অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি স্থগিতের কারণ ব্যাখ্যা করে ড. হামিদুর রহমান আযাদ বলেন, প্রথমে সড়কপথে লংমার্চ আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হয়। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, রেলপথে কর্মসূচি আয়োজন করলেও বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে।
তিনি বলেন, রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থার বাস্তবতা পর্যালোচনা করা হয়েছে। এতে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ব্যাপক দুর্ভোগের আশঙ্কা রয়েছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করেই আপাতত লংমার্চ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক। তিনি বলেন, দাবি আদায়ের আন্দোলন থেকে তারা একচুলও পিছপা হবেন না। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ড. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে ধারাবাহিকভাবে বোমা হামলা, অগ্নিসংযোগ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এতে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অথচ এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা দলীয় অবস্থান বিবেচনা না করে সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, শুধু বক্তব্য বা আহ্বানের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন অভিন্ন নীতি, রাজনৈতিক অঙ্গীকার এবং বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ। গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার এসব বিষয়ে আন্তরিকতা ও কার্যকর উদ্যোগের পরিচয় দিলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত রয়েছে।
এ সময় ১১ দলীয় ঐক্যের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হামিদুর রহমান আযাদ বলেন, জোটের মধ্যে কোনো ধরনের ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। সরকারকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির নেতারা।