বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা সড়ক-মহাসড়কে কাঠামোগত বড় পরিবর্তন, তবুও ৮ বছরে ৫৭ হাজার মৃত্যু সৌদিতে নতুন হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া ডিভি-২০২৭ চালু, বাংলাদেশিদের সুযোগ অনিশ্চিত?

আর্জেন্টাইন জাদুকরে ম্যান ইউনাইটেডকে বিধ্বস্ত করল কোমো

স্পোর্টস ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : October 22, 2026
আর্জেন্টাইন জাদুকরে ম্যান ইউনাইটেডকে বিধ্বস্ত করল কোমো

নিজেদের ইতিহাসের অন্যতম সেরা এবং স্মরণীয় এক রাত উপহার দিল কোমো। চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ইতালির ক্লাবটি। আর দুর্দান্ত এই জয়ের নায়ক আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার নিকো পাজ।

চ্যাম্পিয়নস লিগে আজ নিজেদের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে ম্যান ইউনাইটেডকে ধসিয়ে দিয়েছে কোমো। দলের হয়ে দুর্দান্ত জোড়া গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে আরও একটি গোল করিয়েছেন নিকো পাজ। বাকি গোল দুটি আসে তাসোস দুভিকাস ও জেকোবো র‍্যামনের পা থেকে।

ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম সফরে নেমেই একের পর এক ইতিহাস গড়ে চলেছে ‘লা রিয়ানি’ খ্যাত ক্লাব কোমো। আরবি লাইপজিগকে ঘরের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর অবশ্য ফেইনুর্দের মাঠে গিয়ে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। তবে এবার আবারও বড় জয়ে ঘুরে দাঁড়াল ক্লাবটি।

অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়হীন (৩টি ড্র ও ৩টি হার) থেকে এই মাঠে নেমেছিল রেড ডেভিলরা। তবে প্রতিপক্ষের মাঠে রীতিমতো নাকানি-চুবানি খেতে হলো তাদের।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই গোল খাওয়ার ক্ষত শুকাতে না শুকাতেই, কোমোর মাঠে মাত্র ১১৮ সেকেন্ডের মাথায় গোল হজম করে বসে ইউনাইটেড। আর্জেন্টিনার জাদুকরী প্লেমেকার নিকো পাজের জোড়া গোলের শুরুটা হয়েছিল ওই দ্রুততম গোল দিয়েই।

এর মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবলের মূল পর্বে টানা দুই ম্যাচে প্রথম দুই মিনিটের মধ্যে গোল হজম করা ইতিহাসের প্রথম ইংলিশ ক্লাব হয়ে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড—ওল্ড ট্রাফোর্ডের কেউ যা স্বপ্নেও দেখতে চাননি।

২০০৮ সালে ম্যান ইউ যখন শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, তখন ইতালিয়ান ক্লাব কোমো খেলত সিরি ডি’তে। দুই ক্লাবের বিপরীতমুখী যাত্রার ব্যবধানটা এতটাই প্রকট যে, এই ম্যাচটি ছিল একেবারে একপেশে ও পূর্ণাঙ্গ এক ধ্বংসযজ্ঞ।

নিকো পাজ দুটি গোল করার পাশাপাশি মাঝের সময়ে তাসোস দুভিকাসকে দিয়ে একটি গোল করান। আর শেষদিকে জ্যাকোবো র‍্যামনের জোরালো হেডে কফিনের শেষ পেরেক ঠুকে দেয় কোমো।

ম্যাচের একপর্যায়ে মনে হচ্ছিল, ম্যান ইউনাইটেড বুঝি তাদের ইতিহাসের সবচেয়ে বড় ইউরোপিয়ান হারের লজ্জাজনক রেকর্ডটি ছুঁয়ে ফেলবে! ১৯৬৪ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের কাছে ৫-০ গোলে হেরেছিল রেড ডেভিলরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝপথে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে তুলে নিয়ে জশুয়া জিরকজিকে নামানো হয়। এর আগে হালের ১১ কোটি পাউন্ড মূল্যের ইনিয়োস সাইনিং—মাথিউস কুনহা ও আন্দ্রেই সান্তোসকে তো প্রথমার্ধ শেষেই মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল!

অবশ্য ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি নামা আমাদ ডিয়ালোর ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙে বল জাল করে একটি সান্ত্বনার গোল শোধ করেন জিরকজি, তবে তাতে দলের ভেতরের হতাশাজনক পরিস্থিতি এতটুকুও বদলায়নি।

ম্যাচ শেষে ইউনাইটেড সমর্থকদের ধন্যবাদ জানাতে যাওয়ার সময় কোচ মাইকেল ক্যারিককে যেন নিজের ফুটবলারদের পাত্তাই দিতে দেখা যায়নি। বারবার দুই হাত তুলে সমর্থকদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করছিলেন তিনি।


অন্যান্য সংবাদ