চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্কুল দলকে ২৭-০ গোলে হারিয়েছে বেনিন। মঙ্গলবার (২০ অক্টোবর) সুজৌতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে এই বড় জয় পায় আফ্রিকার দেশটির স্কুল দল।
ম্যাচটি ছিল ৮০ মিনিটের। বেনিনের জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন তিনটি। ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়ায়।
টুর্নামেন্টে এটি বেনিনের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই ম্যাচে ৩৪ গোল করেছে বেনিন, বিপরীতে কোনো গোল হজম করেনি। ভারতের বিপক্ষে জয়ের পর শেষ ষোলোতে তাদের জায়গাও নিশ্চিত হয়েছে।
প্রতিযোগিতার সূচিতে বেনিনের প্রতিপক্ষের নাম ‘ইন্ডিয়া আইএসএসও ২’ হিসেবে উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি ভারতের দ্বিতীয় স্কুল দল। ফলটিকে ভারতের মূল জাতীয় ফুটবল দল কিংবা জাতীয় অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ হিসেবে দেখার সুযোগ নেই।
আন্তর্জাতিক স্কুল ক্রীড়া ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতা চীনের সুজৌতে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ ও অঞ্চলের স্কুল ফুটবল দল এতে অংশ নিয়েছে।