বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরা, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার এবং উপনির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব বিষয়ে কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এএসপি প্রবেশনার মো. মাহবুব হোসেন প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনে ভয়-ভীতি বা পক্ষপাতিত্ব উর্ধ্বে উঠে সেবাপ্রত্যাশী মানুষের আইনি সুরক্ষা দিতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উল্লেখ করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করে একটি দক্ষ, আধুনিক ও সেবামুখী বাহিনীতে রূপান্তরে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, অবকাঠামো ও লজিস্টিক সরবরাহে কাজ করছে।

কর্মজীবনে প্রবেশ করা নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সাইবার অপরাধ, মানব পাচার, অনলাইন জালিয়াতি ও আর্থিক অপরাধের মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথাগত অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিরপরাধ ব্যক্তির অধিকার নিশ্চিতের আহ্বান জানান।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ১৬২ জনসহ মোট ২৪৬ জন কর্মকর্তা কর্মজীবনে প্রবেশ করলেন।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচে মো. ওমর ফারুক (বেস্ট সার্জেন্ট), মোহাম্মদ দেলোয়ার হোসেন (বেস্ট একাডেমিক), সাইফুল ইসলাম (বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ) ও মো. আসাদুজ্জামান (বেস্ট শ্যুটার) হিসেবে পুরস্কৃত হন। অপরদিকে ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বেস্ট ক্যাডেট), মো. বোরহানুল ইসলাম (বেস্ট একাডেমিক), দেওয়ান গোলাম রসুল (বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ) ও মো. কামাল গণি (বেস্ট শুটার)-এর গৌরব অর্জন করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। তার দাবি, বর্তমান সরকারের সময়ে কাউকে গুম করা হয়নি এবং ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি।

ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কে কখন আসতে চাচ্ছেন, সেটি দেখার বিষয় নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে বলেও জানান তিনি।

নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার ও রিমান্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া সম্ভব হয়েছে।

উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে। এ সময় পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাজনৈতিক বিবেচনায় প্রশিক্ষণের আগে বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনরায় নিয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর আগে চলতি বছরের ২ আগস্ট সরকার ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেয়। তাদের মধ্যে ২৭তম বিসিএসের ৫৭ জন এবং ২৮তম বিসিএসের একজন কর্মকর্তা ছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছিল।

নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধারের বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তার নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ, আইজিপি মো. আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. মাইনুল হাসান বিপিএম, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ