যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ইরানে সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তার সায় ছিলো না; তার হাতে ক্ষমতা থাকলে মার্কিন বাহিনীকে ইরানে অভিযান শুরুর নির্দেশ দিতেন কি-না— এ প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন ভ্যান্স।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভ্যান্স। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না।
জবাবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জে ডি ভ্যান্স বলেন, “ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের, আর আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।”
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে ইরানে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করেছেন, জে ডি ভ্যান্স তা কখনও করেননি; বরং চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচনে নিজেদের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির কারণ হিসেবে ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেছেন তিনি।
৪ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “(নির্বাচনে) আমদের পরাজয়ের কারণ (ইরান) যুদ্ধ। গত রাতে প্রেসিডেন্ট নিজেও এমনটাই বলেছেন। যদি কেউ মনে করেন যে এই যুদ্ধের স্বার্থে আগামী ৬ বছরের জন্য সিনেটে আমাদের (রিপাবলিকান পার্টি) নিয়ন্ত্রণ হারানো সার্থক হয়েছে, তবে তারা তা যুক্তি দিয়ে প্রমাণ করুক। তারা বলুক— এ যুদ্ধের জন্য আমাদের এমন মূল্য দেওয়া যথার্থ হয়েছে।”
তবে শুক্রবারের সংবাদ সম্মেলনে জে ডি ভ্যান্সের মন্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট নন, তবে এতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে বলে মনে করেন তিনি; আর তা হলো, হামলাগুলো প্রয়োজনীয় ছিল এবং ভ্যান্স নিজেও একই সিদ্ধান্ত নিতেন—তা স্বীকার করা।
“যারা আমার অধীনে কাজ করেন, তাদের নিজস্ব মতামত থাকার অধিকার আছে। তবে আমি বলব, আমি ইরানিদের চিনি—সত্যি বলতে, তারা পাগল”, সংবাদ সম্মেলনে বলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর সাংবাদিকরা পুনরায় ভ্যান্সকে প্রশ্ন করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পরও এই যুদ্ধ চালিয়ে যাওয়ার আদৌ কোনো সার্থকতা রয়েছে কি-না।
এবারও সরাসরি এই সামরিক অভিযানের পক্ষে সমর্থন জানানো থেকে বিরত থাকেন ভ্যান্স। তিনি বলেন, “আমি যা বলতে চাই, তা হলো— ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দেশটি সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদতদানকারী সবচেয়ে বড় শক্তি। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে; অথবা—ঈশ্বর না করুন—তারা আক্রমণ চালিয়ে হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে।”
“প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং তিনি বলেছেন যে তিনি আবারও এমন পদক্ষেপ নিতে পারেন। আমার দৃষ্টিভঙ্গি হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন জোগানোই আমার লক্ষ্য ও দায়িত্ব।”
উল্লেখ্য, ভ্যান্স দীর্ঘকাল ধরেই যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং শান্তি আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। গ্রীষ্মকালে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন, যা খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি তেহরানের কট্টরপন্থীদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছিলেন। তবে ভ্যান্স তার নির্বাচনী প্রচার-পরবর্তী মূল্যায়ন প্রকাশের পরপরই ট্রাম্প এই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেন এবং ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যান্সের প্রতি তার নির্দেশনা জানিয়ে লেখেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।” সূত্র : রয়টার্স