রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়?

অভিজিত বনিক, সম্পাদক ও প্রকাশক / ৫২ জন দেখেছেন
আপডেট : November 21, 2026

আজ আপনি পোড়াবেন, কাল তারা পোড়াবে—এই পোড়াপুড়ির শেষ কোথায়?

সম্পাদকীয় | অভিজিত বনিক
আজ আপনি পুড়াবেন, কাল তারা পুড়াবে। আজ এক পক্ষের বাড়িতে আগুন জ্বলবে, কাল অন্য পক্ষের ঘরে জ্বলবে প্রতিশোধের আগুন। আচ্ছা, এই পোড়াপুড়ির শেষ কোথায়? আর কত দিন আগুনে পুড়বে আমাদের প্রিয় বাংলাদেশ?
স্বাধীনতার পর থেকে কতবার যে এই সোনার বাংলা রাজনৈতিক সংঘাত, প্রতিহিংসা, হিংসা আর সহিংসতার আগুনে পুড়েছে, তার হিসাব হয়তো ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু সেই আগুনে পুড়ে যাওয়া মানুষের কান্না, স্বপ্নভঙ্গ আর দীর্ঘশ্বাসের হিসাব কে রাখে?
কেউ ক্ষমতায় যেতে আগুন জ্বালাতে চায়, কেউ ক্ষমতায় টিকে থাকতে আগুন জ্বালায়। মাঝখানে পুড়ে যায় সাধারণ মানুষের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ, অর্থনীতি এবং আমাদের ভবিষ্যৎ। রাজনীতির এই প্রতিহিংসার খেলায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হয় দেশের মানুষ।
আমরা কি এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম? যে দেশের জন্ম হয়েছিল লাখো শহীদের রক্তের বিনিময়ে, যে দেশের স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছিল, সেই দেশের মাটিতেই কেন আজ মানুষের ঘরবাড়ি পুড়বে? কেন রাজনৈতিক পরিচয়ের কারণে একজন মানুষকে আতঙ্কে দিন কাটাতে হবে?
মনে রাখতে হবে, সরকারি দলের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়া যেমন নিন্দনীয়, তেমনি আওয়ামী লীগ কিংবা বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়াও সমানভাবে নিন্দনীয়। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে অপরাধের বিচার হতে পারে না। আইন সবার জন্য সমান হতে হবে।
শুধু রাজনৈতিক মতের অমিলের কারণে কাউকে মব সৃষ্টি করে হেনস্তা করা, হয়রানি করা, জোর করে বাড়িঘর থেকে ধরে নিয়ে আসা কিংবা আইন নিজের হাতে তুলে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করার নামে ভয়ভীতি সৃষ্টি করা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে, আদালত বিচার করবেন। কিন্তু জনতার নামে বিচার, প্রতিশোধ কিংবা রাজনৈতিক নিপীড়ন কখনোই সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না।
আজ যারা ক্ষমতায় আছেন, তাদের মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। আবার যারা ক্ষমতার বাইরে আছেন, তাদেরও মনে রাখতে হবে রাজনীতির চূড়ান্ত লক্ষ্য প্রতিশোধ নয়, মানুষের কল্যাণ। আজ যারা আক্রান্ত হচ্ছেন, আগামী দিনে ক্ষমতার পালাবদল হলে তারাই যদি প্রতিশোধের পথ বেছে নেন, তাহলে এই সহিংসতার চক্র থেকে বাংলাদেশ কখনোই বের হতে পারবে না।
প্রতিশোধের রাজনীতি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। বরং এক পক্ষের অন্যায়ের জবাবে আরেক পক্ষের অন্যায় নতুন সংঘাতের জন্ম দেয়। এভাবে চলতে থাকলে রাষ্ট্র দুর্বল হবে, অর্থনীতি বিপর্যস্ত হবে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কর্মসংস্থান কমবে। সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহনশীলতা হারিয়ে যাবে।
আমরা কি একবারও ভেবে দেখছি, একটি বাড়ি পুড়িয়ে দিলে শুধু ইট-পাথর পুড়ে না; পুড়ে যায় একটি পরিবারের সারা জীবনের সঞ্চয়, সন্তানের নিরাপদ শৈশব, বৃদ্ধ মা-বাবার আশ্রয় এবং অসংখ্য স্বপ্ন। একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিলে শুধু পণ্যসামগ্রী ধ্বংস হয় না; ধ্বংস হয় অনেক মানুষের জীবিকা। রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়ে দিলে ক্ষতি হয় দেশের প্রতিটি নাগরিকের।
পৃথিবীর বুকে আমরা কেমন বাংলাদেশকে পরিচিত করতে চাই? একটি সম্ভাবনাময়, উন্নয়নমুখী ও মানবিক রাষ্ট্র হিসেবে, নাকি প্রতিহিংসা আর আগুনের দেশ হিসেবে? আমাদের আচরণই বিশ্ববাসীর কাছে দেশের পরিচয় তুলে ধরে। তাই সহিংসতার পথ পরিহার করা এখন সময়ের দাবি।
আরেকটি কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই—এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান আমাদের জাতীয় দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করা, মুক্তিযোদ্ধাদের হেয় করা কিংবা তাঁদের অবদান অস্বীকার করা কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়। মুক্তিযুদ্ধের প্রকৃত শিক্ষা হলো স্বাধীনতা, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা।
আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত কিংবা অন্য যেকোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ নিজের মত প্রকাশ করতে পারবেন—আইন ও সংবিধানের সীমার মধ্যে থেকে। কেউ কারও রাজনৈতিক মতের সঙ্গে একমত না হলেই তাকে শত্রু ভাবতে হবে, এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
রাজনীতি হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ঘরবাড়ি পোড়ানোর জন্য নয়। রাজনীতি হোক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তির জন্য; প্রতিহিংসা, হামলা, মামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের জন্য নয়।
আমাদের প্রত্যাশা, রাজনৈতিক নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। প্রতিটি সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, অপরাধী যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করা হবে। নিরপরাধ কেউ যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন।
সবশেষে বলতে চাই, বাংলাদেশ কোনো একক দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির সম্পত্তি নয়। এই দেশ আমাদের সবার। এই দেশের মাটি, সম্পদ, স্বাধীনতা ও ভবিষ্যৎ রক্ষার দায়িত্বও আমাদের সবার।
আজ আপনি পোড়াবেন, কাল তারা পোড়াবে—এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আগুনের বদলে আলো জ্বলুক, ঘৃণার বদলে ভালোবাসা ছড়িয়ে পড়ুক, প্রতিশোধের বদলে প্রতিষ্ঠিত হোক ন্যায়বিচার।
আমরা ক্ষমতার লড়াই চাই না, মানুষের অধিকার চাই। আমরা সংঘাত চাই না, সহাবস্থান চাই। আমরা প্রতিহিংসার বাংলাদেশ চাই না, শান্তির বাংলাদেশ চাই।
আসুন, দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে মানুষের ঘরে আগুন নয়, জ্বলবে আশার আলো।
আমরা শান্তি চাই, সহিংসতা নয়। আমরা সবাই মিলে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও শান্তির বাংলাদেশ চাই।


অন্যান্য সংবাদ