পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র্যালির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে রক্ষীবাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমন করা হয়েছিল।
রিজভী বলেন, ৭ নভেম্বর আমাদের অসংখ্য টেলিভিশন দিয়েছে, বাকপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এসব অর্জনের পেছনে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবাই জানেন। জিয়াউর রহমান আমাদের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এমনকি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক।
তারই গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে।
বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষের চিন্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ ঢাল হয়ে আছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়, বিজয় নগর হয়ে পল্টন মোড় দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়।