রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির

একাধিক রাজ্যে বিধান পরিষদ নির্বাচনে খুব সম্প্রতি বিজেপিকে ধাক্কা দিয়েছিল শিক্ষিক ও স্নাতক ভোটাররা। সেই রেশ কাটার আগেই ফের বিপর্যয়। আর এবার শহর নয়, গ্রামীণ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তাও রাজস্থানে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব স্তরেই বিজেপিকে পর্যুদস্ত করে কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটেছে।

বিজেপির থেকে গ্রামীণ মানুষ কতটা মুখ ফিরিয়েছে তার একটি বিস্ময়কর উদাহরণ হলো, জয়পুর জেলার ফাগি পঞ্চায়েত সমিতি। এখানকার ১৫টি আসনের মধ্যে বিজেপি শূন্য পেয়েছে। একটা গোটা ব্লকে নরেন্দ্র মোদির দলের প্রার্থীরা একটিও আসনে জিততে পারেননি। এটা দলের জন্য চরম অস্বস্তির বার্তা। এখানেই শেষ নয়, রাজস্থানের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঙ্গেনার পঞ্চায়েত সমিতিতে বিজেপি শুধু যে গোহারা হেরেছে তাই নয়, চলে গিয়েছে তৃতীয় স্থানে। জয়ী হয়েছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। অন্যদিকে, ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরের ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে কংগ্রেস দখল করেছে ২২টি। সোজা কথায়, মুখ্যমন্ত্রীকেই প্রত্যাখ্যান করেছে রাজস্থানের গ্রামীণ এলাকা।

উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী একা নন। বিখ্যাত ক্রীড়াবিদ, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের কেন্দ্রের পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস প্রায় সব আসন জিতে বোর্ড দখল করেছে। বিজেপি পেয়েছে একটি। সরকারের নগরোন্নয়নমন্ত্রী স্ত্রী এবং দুই পুত্র অর্থাৎ গোটা পরিবারকেই প্রার্থী করে দিয়েছিলেন, তারা সকলেই পরাজিত। রাত পর্যন্ত কংগ্রেস ২৫ জেলা পরিষদে এগিয়ে। মোট জেলা পরিষদ সংখ্যা ৪১। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও বিজেপি বহু পিছিয়ে। পঞ্চায়েত সমিতির ৩৭০০ আসনে কংগ্রেস এগিয়ে গেছে। বিজেপি ২১০০ আসনে এগিয়ে। রাতের খবর, কংগ্রেস এগিয়ে গিয়েছে ৬২৩ জেলা পরিষদ আসনে। বিজেপির মাত্র ৩০৪। বিগত নির্বাচনের তুলনায় তিন স্তরেই বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমেছে। নেতা, মন্ত্রী, বিধায়ক, এমপি সকলের এলাকাতেই বিজেপির ভরাডুবি।

স্বাভাবিকভাবেই কংগ্রেস প্রবল উল্লসিত। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, ‘গ্রামীণ ভারত কতটা ক্ষুব্ধ, সেটা রাজস্থানে টের পাচ্ছে বিজেপি। কাজ নেই, আয় নেই, কৃষির সুবিধা নেই, বাজার নেই। বেকারত্ব-মূল্যবৃদ্ধির আঁচে বিপর্যস্ত মানুষ ভোটে নিজেদের রাগের প্রতিফলন করছেন। কংগ্রেসের উপর আবার মানুষের আস্থা ফিরছে। তার থেকেও বড়ো কথা হলো, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করছে।’

২০২৮ সালে রাজস্থানে বিধানসভা ভোট। সুতরাং এই ফলাফল নরেন্দ্র মোদি এবং অমিত শাহের জন্য নিঃসন্দেহে বিপজ্জনক বার্তা। বিশেষ করে বিধান পরিষদ ভোটের পর। সে ছিল সম্পূর্ণ শহুরে এলাকায় ভোট। নাগপুর থেকে পাটনা, দ্বারভাঙা থেকে লখনউ, সর্বত্র বিজেপি চরমভাবে প্রত্যাখ্যাত। এই বিধান পরিষদ ভোটে কোনো আসন হয় স্নাতকদের, কোনোটি শিক্ষকদের। স্নাতক আসনে শুধুই স্নাতক ভোটার ভোট দেবেন। শিক্ষক আসনে ভোটার কেবলমাত্র শিক্ষক। অর্থাৎ, সোজা কথায় শিক্ষিত ভোটার। বিধান পরিষদ ভোটের ফল প্রকাশের পর উত্তরপ্রদেশের এনডিএ জোটশরিকের এক নেতা ও মন্ত্রী ওমপ্রকাশ রাজভড় বলেছিলেন, ‘শিক্ষিত মানুষ ভোট দিয়েছে। তাই এনডিএ প্রার্থীরা পরাজিত হয়েছেন।’ এবার রাজস্থানের গ্রামীণ মানুষও সেই একই পথে হেঁটেছে। বরং আরও বেশি বিমুখ করেছে বিজেপিকে।

রাজস্থানে মোদি এবং অমিত শাহ বিগত বিধানসভা ভোটের আগে ও পরে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে গুরুত্বহীন করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে বসানো হয় ভজনলাল শর্মাকে। দল ও সংগঠনে তার প্রভাব কম। জনপ্রিয়তাও বসুন্ধরার ধারকাছে নেই। সেই ভজনলাল শর্মার আমলে প্রথম পঞ্চায়েত নির্বাচনেই ধস নামল। এখন প্রশ্ন একটাই- রাজস্থানে বিধানসভা ভোটে তাহলে কি বিজেপির সূর্যাস্ত হতে চলেছে?


অন্যান্য সংবাদ