নভেম্বরের মাঝামাঝি পেরোতেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শনিবারও ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, নভেম্বরে বৃষ্টি শুরু হলে অনেকের মুখেই শোনা যায়, ‘এই বৃষ্টি এবার শীত নামিয়ে দিয়ে যাবে।’ তাই, তখন তারা শীতের কাপড়, লেপ-কম্বলও আস্তে আস্তে বের করতে শুরু করেন। কিন্তু চলমান এই বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে দিয়ে যাবে, নাকি শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? আর এবারের শীতই বা কেমন হতে পারে?
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়। তবে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আর তখন ভৌগোলিক কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দু’টি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে।
আবহাওয়াবিজ্ঞানে একে ঘূর্ণিঝড় সৃষ্টির ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি বৈশিষ্ট্য বলা হয়। ড. মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবছর ২৩শে সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এরপর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরতে থাকায় উত্তর গোলার্ধে ধীরে ধীরে দিন ছোট এবং রাত বড় হতে থাকে। এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ থাকে। শুধু সমুদ্রপৃষ্ঠেই নয়, পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ সঞ্চিত থাকে। এই উষ্ণতা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
সাগরের বিভিন্ন স্তরে পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এই উষ্ণতার কারণে সমুদ্র থেকে বাষ্পীভবনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়। আর সেই জলীয় বাষ্প সাগরে সৃষ্ট লঘুচাপকে শক্তিশালী হতে সাহায্য করে। আর অনুকূল পরিস্থিতিতে লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং কখনো কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।
এদিকে, সূর্যের দক্ষিণায়নের ফলে সাগরের পানির উষ্ণতার পাশাপাশি বাতাসের গতিবিধিও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
‘প্রশান্ত মহাসাগর থেকে অস্ট্রেলিয়ার উত্তর পাশ ও দক্ষিণ চীন সাগর হয়ে আন্দামান সাগরের দিকে যে বাতাস আসে, তা দক্ষিণ বঙ্গোপসাগরেও প্রবেশ করে। এই বাতাসের ঘূর্ণনের কারণে কখনো কখনো ওই অঞ্চলে লঘুচাপ তৈরি হয়। সেই লঘুচাপের বর্ধিত অংশ আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। তখন সাগরের পানির তাপমাত্রা অনুকূল থাকলে এবং সমুদ্রপৃষ্ঠ ও ওপরের আকাশের বাতাসের গতির পার্থক্য কম হলে সেই লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’
তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে না এলেও এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানান ড. মল্লিক। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল অতিক্রম করার সময় সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের দিকে আসতে পারে। এর ফলে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।’
এসব কারণেই নভেম্বরের বৃষ্টিপাতকে স্বাভাবিক মৌসুমি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হয়। আবহাওয়াবিদ বজলুর রশীদও বলছেন, নভেম্বর মাসে নিয়মিত বৃষ্টিপাত খুব একটা হয় না। সাধারণত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। ওই পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬ মিলিমিটার হলেও এ বছর ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
একইভাবে, খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৯ মিলিমিটার হলেও এবার ১৫ থেকে ২৫ মিলিমিটার, বরিশাল বিভাগে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৩০ থেকে ৪০ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ৩৯ মিলিমিটার ধরা হলে এবার ৩৫ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ২৫ মিলিমটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে।
কিন্তু আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, শুক্রবার ও শনিবার যদি একই পরিমাণে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে এ মাসের মোট বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত মোট কতটুকু বৃষ্টিপাত হয়েছে এবং আগের বছরগুলোর একই সময়ের তুলনায় তা বেশি নাকি কম, সে বিষয়ে তাৎক্ষনিকভাবে নির্দিষ্ট পরিসংখ্যান জানা যায়নি।
ড. আবুল কালাম মল্লিক এ প্রসঙ্গে বলেন, এবারের নভেম্বর মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কতটা বেশি বা কম হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এমনিতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বরে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের দিন দিনসংখ্যা তিন থেকে পাঁচ দিন উল্লেখ করা হয়েছে। তবে এ বছর বিভিন্ন বিভাগে গড়ে দুই থেকে চার দিন বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। এরই মধ্যে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চলমান বৃষ্টির দিনগুলো হিসাব করলে তা নভেম্বরের জন্য পূর্বাভাস দেয়া বৃষ্টির দিনসংখ্যার কাছাকাছি পৌঁছাতে পারে, কোথাও কোথাও ছাড়িয়েও যেতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। এর মধ্যে একটি বা দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানানো হয়।
নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে নাকি কম, তা এখন-ই বলা না গেলেও চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনও হতে পারে।
তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠান্ডার অনুভূতি বাড়লেও সেটিকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। কারণ বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে।
মূলত, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, যার প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। তার ভাষায়, নভেম্বরের শেষ দিকে এমনিতেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকে।
তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে। আর নভেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। তবে শীতের তীব্রতা বছরভেদে কমবেশি হতে পারে।
এবারের শীত কেমন হতে পারে, সে বিষয়েও একটি ধারণা দিয়েছেন এই আবহাওয়াবিদ। ড. মল্লিকের মতে, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বা শৈত্যপ্রবাহ হবে না।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ প্রসঙ্গ বলা হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। সূত্র: বিবিসি বাংলা