বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আভাস তেঁতুলিয়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আভাস তেঁতুলিয়ায়

অনলাইন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আভাস তেঁতুলিয়ায়

সন্ধ্যা থেকেই বইতে থাকে পাহাড়ি হিমেল হাওয়া, ভারি কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে জনপদ। সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রির ঘরে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মানুষের দুর্ভোগ বাড়লেও সকাল থেকে ঝলমলে রোদ শীতার্ত মানুষের জীবন-জীবিকাকে স্বাভাবিক রেখেছে। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতপ্রবণ এই অঞ্চলের বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়া বদলে যাচ্ছে। রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেও শীত অনুভূত হচ্ছে।

হাফিজাবাদ এলাকার কৃষক মোবারক হোসেন বলেন, নিজের বাগানের সবজি নিয়ে আড়তে যাচ্ছি হঠাৎ করেই আজ শীত বেড়ে গেছে। দিনে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে। পঞ্চগড় স্টেডিয়াম মার্কেটে পিঠা বিক্রি করেন কমলা বেগম, তিনি বলেন আজ ভোরে ঠান্ডা থাকায় তার পিঠা বেশ বিক্রি হয়েছে।

স্থানীয় বাসিন্দা গনি মিঞা বলেন, কয়েক দিন আগেও রাতে এত ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মোছা শুকরিয়া পারভিন বলেন, শীত কবলিত মানুষের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। শীত বস্ত্রসহ আর্থিক সহায়তা চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ