নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রাম নগরের হালিশহরে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে এনসিপির হালিশহর থানা শাখা এবং জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও জাতীয় শ্রমিকশক্তি চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকশক্তির নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।
তাঁরা আরও বলেন, গণতন্ত্র, জননিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি এবং সহযোগী সংগঠনগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকবে।