রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে পোশাকশিল্পের রপ্তানির উদ্দেশ্যে কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রা সরবরাহ করা হচ্ছে। বর্তমানে এ তহবিলের আকার ২ হাজার ২০০ মিলিয়ন মার্কিন ডলার (২২০ কোটি ডলার) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী বলেন, দেশের রপ্তানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনুকূলে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বিভিন্ন অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছে।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিমুখী খাতগুলোর বিদ্যমান সংকট উত্তরণ, রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের গঠিত প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে ৭ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রয়োজনীয় তহবিল সরবরাহ অব্যাহত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৩ হাজার কোটি টাকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড (ইএফপিএফ) থেকেও রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হচ্ছে। রপ্তানি ঋণপত্রের বিপরীতে স্থাপিত ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে রপ্তানিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে এ তহবিল থেকে অর্থ দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, ২০ হাজার কোটি টাকার বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক অর্থায়ন তহবিলের আওতায় রপ্তানিকারকেরা ব্যাংক থেকে প্রয়োজনীয় চলতি মূলধন সহায়তা নিতে পারবেন। এ তহবিল থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে যথাসময়ে ঋণ বিতরণ কার্যক্রম বাংলাদেশ ব্যাংক নিয়মিত তদারকি করছে।
তিনি বলেন, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে পোশাকশিল্পের রপ্তানির উদ্দেশ্যে কাঁচামাল আমদানির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করা হচ্ছে। বর্তমানে এ তহবিলের আকার ২ হাজার ২০০ মিলিয়ন মার্কিন ডলার।