আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে শুরুটা ভালো না হলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে বড় ধাক্কা খেল সোবহানা মোস্তারির দল। সোমবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায় টাইগ্রেসদের সুপার সিক্সে ওঠার সমীকরণ এখন বেশ জটিল হয়ে পড়েছে।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার দিলারা আক্তার ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। এছাড়া নিগার সুলতানা জ্যোতি ২০ এবং শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার ১৯ রান করে অবদান রাখেন। বোলিংয়ে ডাচদের পক্ষে হেদার সিগার্স ২১ রানে নেন ৪টি উইকেট।
১৩০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। এক পর্যায়ে ৭৬ রানের মধ্যে তাদের ৫ উইকেট তুলে জয়ের আশা জাগায় বাংলাদেশ। তবে স্টেরি কালিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এই মিডল অর্ডার ব্যাটার ৫০ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয় উপহার দেন। ফ্রেডেরিক ওভারডাইক অপরাজিত ১২ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। ফলে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ডাচরা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান দুটি এবং রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট শিকার করেন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে জায়গা করে নেবে। বি গ্রুপে টানা তিন জয়ে নেদারল্যান্ডস এবং চার ম্যাচে তিন জয়ে পাকিস্তান ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে। অন্যদিকে তিন ম্যাচে একটি করে জয় নিয়ে সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে বিদায় নিশ্চিত করা থাইল্যান্ডের বিপক্ষে এবং জিম্বাবুয়ে লড়বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। শেষ ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ে জয় পেলেও সুপার সিক্স নিশ্চিত নয়; সেক্ষেত্রে ভাগ্য নির্ধারিত হবে রানরেটের জটিল সমীকরণের ওপর। তবে যদি জিম্বাবুয়ে হারে আর বাংলাদেশ জয় পায় তাহলে নেটরানের হিসাব ছাড়াই সুপার সিক্সে উঠবে।