২০১৫ সালের পর রোববার ক্যারিয়ারের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন রোনালদিনহো। ইতালিয়ান তৃতীয় লিগের ক্লাব রাভেনার হয়ে আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ৪৬ বছর বয়সী এই তারকা।
পিএসজি ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের জন্য দিনটি ছিল দারুণ স্মৃতির। স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে রাভেনার ২-০ গোলের জয়ে প্রথম প্রথমার্ধে মাঠে ছিলেন তিনি।
কাঙ্ক্ষিত এই সিরি সি ম্যাচে ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক ছুঁতে না পারলেও, আন্দ্রেয়া মান্দোরিনির দলের প্রথম গোলটিতে বড় ভূমিকা ছিল তাঁর। ফাইনাল থার্ডে দারুণভাবে বল নিয়ন্ত্রণের পর ডিফেন্ডারকে কাটিয়ে লোরেনজো লেনার্দিকে পাস দেন রোনালদিনহো। সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন জিউলিও দোনাতি।
স্কাই ইতালিয়াকে দেওয়া প্রথমার্ধের বিরতির সাক্ষাৎকারে হাসোজ্জ্বল মুখে রোনালদিনহো নিশ্চিত করেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ক্লাব সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানি যদি আবার খেলতে বলেন, তবে তিনি আবারও রাভেনার জার্সি গায়ে জড়াবেন।
রোনালদিনহো বলেন, ‘এই ৪৫ মিনিট চোখের পলকে কেটে গেছে। ফুটবলের ক্ষেত্রে আমার জন্য সবসময়ই এমনটা হয়ে থাকে।’
‘পুনরাগমন? আমি এখনো নিশ্চিত নই। তবে আমি ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না; এটি নির্ভর করছে সভাপতির ওপর। তিনি ডাকলেই আমি ফিরে আসব। ফুটবল খেলা আমাকে আনন্দ দেয়। ড্রেসিংরুমের সেই মুহূর্তগুলো আবার ফিরে পাওয়া, সবকিছু নতুন করে অনুভব করা—সত্যিই দারুণ।’
ফুটবলে ব্রাজিল ও ইতালির সংযোগ নিয়ে কথা বলার পাশাপাশি সাবেক এসি মিলান প্লেমেকার রোনালদিনহো পেশাদার ফুটবলে আবারও মাঠে নামার নিজের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
রোনালদিনহো বলেন, ‘এমন অনেক খেলোয়াড় আছে যাদের মাঝে আমার মতো আনন্দই কাজ করে। ফুটবলে অনেক সময় সবকিছু ঠিকঠাক যায় না, ব্রাজিলের মানুষ হিসেবে আমরা যেমনটা জানি, ইতালির মানুষ হিসেবে আপনারাও তা জানেন। আমি আশা করি, ইতালি ও ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের ধারায় ফিরবে এবং দারুণ ফুটবল উপহার দেবে।’
আগস্টে তৃতীয় লিগের ক্লাব রাভেনার সঙ্গে প্লেয়ার-ইনভেস্টর চুক্তি করা ৪৬ বছর বয়সী এই তারকা রোববার মান্দোরিনির শুরুর একাদশে জায়গা পান এবং দলের তিন ফরোয়ার্ডের একজন হিসেবে মাঠে নামেন।
এর আগে চলতি সপ্তাহে রাভেন্তায় প্লেয়ার-ইনভেস্টর চুক্তিতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল রোনালদিনহোর কাছে।
‘লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কারণ (রাভেনার প্রেসিডেন্ট) ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে আমাদের বন্ধুত্ব এবং ভবিষ্যতের জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমি এখানে এসেছি আমার জীবনের একটি অনন্য, বিশেষ ও ভিন্নধর্মী মুহূর্তের অভিজ্ঞতা নিতে। আমার মনে হয়, অন্য খেলোয়াড়দের জন্য দিনটি হয়তো বেশ বিশেষ হতে পারে। কিংবা আমি অন্তত সেটাই আশা করি।’