ক্রিস্তিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচ। পর্তুগিজ মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ৭ নম্বর জার্সি পরে মাঠে নামল সতীর্থরা। তবে মাঠের খেলায় ডেনমার্কের সঙ্গে একদমই পেরে উঠল না পর্তুগাল।
শনিবার রাতে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে পর্তুগালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক। প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এটিই পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে হার। ১০৫ বছরের ফুটবল ইতিহাসে ঘরের মাঠে প্রতিযোগিতামুলক ম্যাচে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি তারা।
ব্রাগায় মাঠে নামার আগে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল পর্তুগাল। তাই ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবের প্রত্যাশা। কিন্তু মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।
ম্যাচের ৪৩তম মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। রুবেন দিয়াসের হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে ব্যবধান ১-০ করেন ডেনমার্কের অধিনায়ক পিয়েরে-এমিল হোয়েবিয়ার্গ।
বিরতির পর আবারও এগিয়ে যায় ডেনমার্ক। ৪৯তম মিনিটে দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। সাত মিনিট পর বক্সের বাইরে দিয়াসকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
৭৫তম মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেন হেডে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০। তখন গ্যালারিতে রোনালদোর নামে স্লোগান দিতে শুরু করেন সমর্থকেরা। যোগ করা সময়ে বার্নার্দো সিলভা এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি পর্তুগাল।
প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এর আগে একাধিক গোলের ব্যবধানে মাত্র চারবার হেরেছিল পর্তুগাল। সবশেষ এমন হার এসেছিল ১৯৯৩ সালে, বিশ্বকাপ বাছাইয়ে ইতালির বিপক্ষে।
কোচের সঙ্গে মতবিরোধের পর ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি। জাতীয় দলের হয়ে সবশেষ গত ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে খেলেছিলেন তিনি।
এরপরের ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। পরের ম্যাচেও শুরু থেকে খেলানোর পরিকল্পনা নেই বলে জানান কোচ। এর পরই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পরে জেসুস জানিয়েছেন, রোনালদো চাইলে আবারও দলে ফিরতে পারেন। তবে ফেরার সিদ্ধান্ত নিতে হবে তাকেই।