মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হঠাৎ অশান্ত নবীনগর-অভিজিত বনিকের কলাম

অভিজিত বনিক, সম্পাদক ও প্রকাশক / ১৯৯ জন দেখেছেন
আপডেট : November 3, 2026

242

হঠাৎ করে অশান্ত নবীনগর
বিএনপির কার্যালয়ে আগুনের মামলা ও রাজনৈতিক কোন পথে যাচ্ছে নবীনগর?
সম্পাদকীয় | অভিজিত বনিক
শান্তিপ্রিয় জনপদ হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা হঠাৎ করেই রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতার দিকে এগোচ্ছে। বিশেষ করে বিএনপির তিন নেতাসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়েরের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। একপক্ষ মামলাটিকে ন্যায়বিচারের উদ্যোগ হিসেবে দেখলেও অন্যপক্ষ একে রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানি ও দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ বলে দাবি করছে।
প্রশ্ন হচ্ছে, প্রায় দশ মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এখন কেন এমন মামলা? এতদিন পর অভিযোগ দায়েরের পেছনে কী কারণ রয়েছে? আর এই মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে, নাকি দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা চলছে?বিষয়টি পরিস্কার হওয়া দরকার।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে নবীনগরের নাটঘর ইউনিয়নের একইছড়া এলাকায় বিএনপির নির্বাচনি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে। সম্প্রতি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা ও উপজেলা বিএনপির ১১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাঈনু এবং সাবেক ছাত্রদল নেতা হযরত আলীসহ অন্যরা।
অন্যদিকে, মামলার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। তাঁদের দাবি, ঘটনাটি বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘটেছিল। দীর্ঘ সময় পর রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা মামলাটিকে হয়রানিমূলক ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করছেন।
তবে এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি—অভিযোগ উঠলেই কেউ অপরাধী হয়ে যান না। আবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করলেই কোনো মামলার সত্যতা নাকচ হয়ে যায় না। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী ছিল, কারা জড়িত ছিলেন এবং কারও বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কী প্রমাণ রয়েছে, তা নিরপেক্ষ তদন্তেই বেরিয়ে আসতে হবে।
আমাদের প্রশ্ন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধ কেন আদালত, মামলা আর পাল্টাপাল্টি কর্মসূচির দিকে গড়াবে? দলীয় মতপার্থক্য থাকতেই পারে। নেতৃত্ব নিয়ে বিরোধও অস্বাভাবিক নয়। কিন্তু সেই বিরোধ যদি প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ার হয়ে ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে শুধু একটি রাজনৈতিক দল নয়, পুরো নবীনগরের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ।
নবীনগরের মানুষ রাজনৈতিক সংঘাত দেখতে চায় না। তারা চায় নিরাপদে বসবাস করতে, ব্যবসা-বাণিজ্য করতে, স্বাভাবিক জীবনযাপন করতে। রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত কিংবা সাংগঠনিক বিরোধের দায় সাধারণ মানুষ কেন বহন করবে?
এখন সবচেয়ে বেশি প্রয়োজন দায়িত্বশীল আচরণ। মামলার বাদীকে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদেরও আইনগতভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে। প্রশাসনকে কোনো পক্ষের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের এমন কোনো বক্তব্য বা কর্মসূচি দেওয়া উচিত নয়, যা সংঘাত ও সহিংসতাকে উসকে দেয়।
মনে রাখতে হবে, মামলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার নয়, আবার অপরাধ আড়াল করার ঢালও নয়। সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত আইনি প্রক্রিয়ার একমাত্র লক্ষ্য।
নবীনগরের রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতার দ্বন্দ্ব ও দলীয় প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে তাঁরা জনস্বার্থকে প্রাধান্য দেবেন। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীও যেন রাজনৈতিক পরিচয়ের কারণে পার পেয়ে না যান।
নবীনগর সবার। সেখানে লাখো মানুষের বসবাস, ভালোবাসা ও স্বপ্নের জনপদ। রাজনৈতিক বিরোধ থাকবে, মতের অমিল থাকবে; কিন্তু সেই বিরোধের কারণে নবীনগর যেন অশান্তির জনপদে পরিণত না হয়।
আমরা সংঘাত নয়, শান্তি চাই। প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই। দলীয় প্রভাব নয়, আইনের শাসন চাই।
হঠাৎ করে অশান্ত হয়ে ওঠা নবীনগর আবারও শান্ত, নিরাপদ ও সম্প্রীতির জনপদে ফিরে আসুক—এটাই প্রত্যাশা।


অন্যান্য সংবাদ