জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।
জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।
এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকও এ দলে ছিলেন।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরতির সময় পরিদর্শনে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হবে। তবে এসব ক্ষেত্রে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের বাড়ি, শহর এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
বৃক্ষরোপণের বিষয়ে তিনি বলেন, বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানো যেতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উৎসাহিত হবে বলে তিনি পরামর্শ দেন।
এ ছাড়া পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের জন্য তার দেয়া তিনটি বিশেষ পরামর্শের মধ্যে ছিল।
এর আগে সংসদ ভবন সম্পর্কে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন পরিদর্শনকারী শিক্ষার্থীরা। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।