বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর) ভোট গণনার প্রাথমিক ফলে তিনি প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ। পরাজয় মেনে নিয়ে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গিউরভ।
ফলে চূড়ান্ত ফলেও এই ব্যবধান বজায় থাকলে বুলগেরিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ৬২ বছর বয়সী ইয়োতোভা।
যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিভিন্ন জরিপ সংস্থার ভোট গণনার প্রাথমিক হিসাবে ইয়োতোভা প্রায় ৫৮ শতাংশ এবং গিউরভ প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছেন।
আনাদোলু এজেন্সির পাঁচটি জরিপ সংস্থার হিসাবেও ইয়োতোভার ভোটের হার ৫৬ দশমিক ৬ থেকে ৫৮ দশমিক ২ শতাংশের মধ্যে। অন্যদিকে গিউরভ পেয়েছেন ৩৮ দশমিক ৬ থেকে ৪০ দশমিক ৬ শতাংশ ভোট।
গিউরভ পরাজয় স্বীকার করে বলেন, বুলগেরিয়ার নাগরিকেরা যেভাবে ভোট দিয়েছেন, সেটিই তাদের সিদ্ধান্ত। তাই এই ফলাফল মেনে নিতে হবে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
রাদেভের দলের জন্য বড় রাজনৈতিক সাফল্য
ইয়োতোভার এই জয় প্রধানমন্ত্রী রুমেন রাদেভের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ বুলগেরিয়া পার্টির জন্যও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দলটি গত এপ্রিলের সংসদ নির্বাচনে ২৪০ আসনের মধ্যে ১৩১টি পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবার ইয়োতোভা প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি পদেই একই রাজনৈতিক শিবিরের প্রভাব বজায় থাকবে।
প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু
বুলগেরিয়ার প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক হলেও এর কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না। দেশের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে থাকে। তবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্টের রাজনৈতিক প্রভাব রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি সংসদে পাস হওয়া আইনে ভেটো দিতে পারেন, আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেন এবং রাষ্ট্রদূত নিয়োগ দেন। প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে এই দায়িত্ব পালন করতে পারেন। তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স।