মাত্র ১১ বছর বয়সে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে। মূল দলের হয়ে খেলেছেন চ্যাম্পিয়নস লিগেও। পরে ঠিকানা বদলে নাম লেখান ইতালির ক্লাব কোমোয়। এবার আবারও রিয়ালে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টাইন তরুণ নিকো পাজের। কিন্তু তাকে নিয়ে প্রশ্ন শুনে আগ্রহ দেখালেন না রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। সংক্ষিপ্ত জবাবে বললেন, ‘নিকো পাজ? সে আমার দলের খেলোয়াড় নয়।’
বাংলাদেশ সময় আজ রাত ২টায় চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোফেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় মরিনিওকে। তবে দলবদল নিয়ে বিস্তারিত কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যান তিনি।
বর্তমানে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পাজ। মৌসুম শেষে ৮ কোটি ইউরোতে তাকে ফিরিয়ে নেয়ার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের। চুক্তিতে থাকা এই বাই-ব্যাক সুবিধা কাজে লাগালে আবারও স্প্যানিশ ক্লাবটিতে ফিরতে পারেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
রিয়ালের সঙ্গে পাজের সম্পর্ক বেশ পুরোনো। ২০১৬ সালে মাত্র ১১ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। বয়সভিত্তিক দলের বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায়। ২০২৩ সালের নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে মূল দলের হয়ে অভিষেক হয় তার। রিয়ালের জার্সিতে খেলেছেন আটটি অফিশিয়াল ম্যাচ। ২০২৪ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও পেয়েছেন। তবে একই বছরের আগস্টে তাকে কোমোর কাছে বিক্রি করে দেয় স্প্যানিশ জায়ান্টরা।
সংবাদ সম্মেলনে শুধু পাজ নয়, ফুটবলারদের অতিরিক্ত ম্যাচ খেলা ও বেতন নিয়েও কথা বলেছেন মরিনিও। অতিরিক্ত ম্যাচের কারণে খেলোয়াড়দের চোট বাড়ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বেশি অর্থ আয় করতে হলে ঝুঁকিও নিতে হবে। এটাই জীবন।