সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রথমবার এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন আলকারাজ

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
প্রথমবার এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন আলকারাজ

চোটের কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকতে হয়েছিল। তবে ফিরেই নিজের চেনা ছন্দে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। বিশ্ব টেনিসের এক নম্বর খেলোয়াড় জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত ফাইনালে জভেরেভকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারান ২৩ বছর বয়সী এই তারকা। খবর বিবিসির।

এই জয়ের মধ্য দিয়ে চোট কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পাশাপাশি মৌসুমটিও স্মরণীয় করে রাখলেন আলকারাজ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। এরপর কবজির চোটে চার মাসেরও বেশি সময় কোর্টের বাইরে থাকতে হয় তাকে। তবে ফেরার পর একের পর এক সাফল্যে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন স্প্যানিশ তারকা।

ফাইনালের দ্বিতীয় সেটে রোমাঞ্চকর টাইব্রেকের পর শিরোপা নিশ্চিত হতেই আনন্দে কোর্টে শুয়ে পড়েন আলকারাজ। ম্যাচজুড়ে বাঁ পায়ের ওপরের অংশে চোটের কারণে মোটা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খেলেছেন তিনি।

এটি ছিল আলকারাজের টানা ১৪তম জয় এবং টানা তৃতীয় টুর্নামেন্টের শিরোপা। ক্যারিয়ারে সাতটি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা দেখিয়ে দিয়েছেন, চোট কাটিয়ে তিনি আবারও নিজের সেরা ফর্মে ফিরেছেন।

শিরোপা জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে আলকারাজ বলেন, ‘এই ট্রফি জেতার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। নিজের সঙ্গে এবং দলের সঙ্গে আমাকে কঠিন সময় পার করতে হয়েছে। তবে আমার জন্য সপ্তাহটি ছিল অসাধারণ। এর চেয়ে ভালোভাবে শেষ করতে পারতাম না।’

এটিপি ফাইনালসের শিরোপার জন্য দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করছিলেন আলকারাজ। আগস্টে ইউএস ওপেন দিয়ে কোর্টে ফেরার পর মাত্র ৮৪ দিনের মধ্যেই সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি।

প্রত্যাবর্তনের পর ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জয় পেয়েছেন বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড়। অংশ নেয়া পাঁচটি টুর্নামেন্টের চারটিতেই জিতেছেন শিরোপা। ভিয়েনা ওপেন ও প্যারিস মাস্টার্সের পর এবার মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালসও নিজের করে নিলেন।

এ জয়ের মধ্য দিয়ে চারটি গ্র্যান্ড স্লাম ও মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালস জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন আলকারাজ। টেনিস ইতিহাসে তার আগে মাত্র তিনজন পুরুষ খেলোয়াড় এই কৃতিত্ব দেখিয়েছেন।

২০২৬ সালে এটিপি ট্যুরে সর্বোচ্চ ৬৯টি ম্যাচ জয়ের কৃতিত্ব নিয়ে ফাইনালে উঠেছিলেন জভেরেভ। ফাইনালের আগে টানা চারটি ম্যাচে সরাসরি সেটে জয় পেয়েছিলেন তিনি। এমনকি কোনো ম্যাচেই নিজের সার্ভিস হারাননি জার্মান তারকা।

তবে ফাইনালে আলকারাজের আক্রমণাত্মক টেনিসের সামনে সেই শক্তিশালী সার্ভিসও কাজে আসেনি। শুরুতে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন স্প্যানিশ তারকা। প্রথম সেটে ৪-১ গেমে এগিয়ে যাওয়ার পথে জভেরেভের সার্ভিস দুবার ভেঙে দেন তিনি।

ম্যাচের একপর্যায়ে আলকারাজের পায়ের ফাঁক দিয়ে মারা লব শট ফিরিয়ে দিতে গিয়ে জভেরেভের শট নেটে আটকে যায়। এতে হতাশ হয়ে র‍্যাকেট ছুড়ে ফেলেন জার্মান তারকা। অন্যদিকে আলকারাজকে দেখা যায় হাসিমুখে উদ্‌যাপন করতে। বিরতির সময় সংগীতের তালে নাচতেও দেখা যায় তাকে।

প্রথম সেটে জভেরেভ মাত্র তিনটি উইনার মারলেও আনফোর্সড এরর করেন ১৯টি। বিপরীতে আলকারাজের ধারাবাহিক আক্রমণে একপর্যায়ে ছন্দ হারিয়ে ফেলেন জার্মান তারকা। শেষ পর্যন্ত ৬-২ গেমে প্রথম সেট জিতে নেন স্প্যানিশ খেলোয়াড়।

দ্বিতীয় সেটেও শুরুতে আধিপত্য বজায় রাখেন আলকারাজ। তবে জভেরেভ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। অষ্টম গেমে আলকারাজের সার্ভিস ভেঙে ম্যাচে সমতা ফেরান তিনি। এরপর আর কেউ প্রতিপক্ষের সার্ভিস ভাঙতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকের শুরুতে ৩-০ পয়েন্টে পিছিয়ে পড়েন জভেরেভ। কিন্তু এরপর টানা ছয় পয়েন্ট জিতে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। এতে সেট জয়ের জন্য তিনটি পয়েন্টের সুযোগ তৈরি হয় জার্মান তারকার সামনে। কিন্তু নিজের সার্ভিসে পাওয়া সুযোগসহ তিনটিই কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

অন্যদিকে স্নায়ুচাপ সামলে ম্যাচে ফেরেন আলকারাজ। দ্বিতীয় ম্যাচ পয়েন্টেই দুর্দান্ত একটি ব্যাকহ্যান্ড উইনার মেরে শিরোপা নিশ্চিত করেন তিনি। এরপর কোর্ট থেকে উঠে গ্যালারিতে থাকা নিজের দলের সদস্যদের সঙ্গে আনন্দ উদ্‌যাপন করেন স্প্যানিশ তারকা।


অন্যান্য সংবাদ