যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সেই এবার জিতেছেন মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। শুধু পুরস্কার জেতাই নয়, ভোটের তিনটি বিভাগেই সবার ওপরে থেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি জিতে গড়েছেন নতুন রেকর্ডও।
২০০৪ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেয়া খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরমারকে দেয়া হয় এমএলএসের এই পুরস্কার। ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন সুলিভান। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বর্তমান খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হন বিজয়ী।
মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ পেয়েছেন সুলিভান। তিনটি ভোটিং বিভাগেই ছিলেন শীর্ষে। সংবাদমাধ্যমের ৮০ শতাংশ এবং পেশাদার খেলোয়াড়দের ৬০ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান। দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল, তৃতীয় আদ্রি মেহমেতি।
এমএলএসে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলিভান। নিয়মিত খেলোয়াড় হিসেবে ২৯ ম্যাচে ৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখেছেন তিনি। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড এটি।
এখানেই থামেননি সুলিভান। টানা ১০ ম্যাচে গোল কিংবা গোলে সহায়তা করেছেন তিনি। কিশোর বয়সী কোনো খেলোয়াড়ের টানা এত ম্যাচে গোলে অবদান রাখার নজিরও নেই এমএলএসে। গত সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেও সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ড গড়েন তিনি।
জাতীয় দলেও এর আগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দলের মূল একাদশে অভিষেক হয় তার। এরপর ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হন।
সুলিভানের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। তিনি বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসতি গড়েছিলেন।
এমএলএসে ২০২০ সাল থেকে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেয়া হতো বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার।