মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

দেশজুড়ে রাতভর আগুনের তাণ্ডব, নিহত ১

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
দেশজুড়ে রাতভর আগুনের তাণ্ডব, নিহত ১

দেশের বিভিন্ন জেলায় রাতভর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে, কোথাও মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। আবার কোথাও বৈঠা হাতে মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গণপরিবহন, সরকারি-বেসরকারি স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। রাতভর চলা অগ্নিসংযোগ ও বিক্ষোভের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় সেতু ও সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
রাতের অগ্নিসংযোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরে। সেখানে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেয়ার ঘটনায় মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর বাসটি দাঁড় করানো ছিল। ওই সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা বাসের ভেতর থেকে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরে তিন বাস ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ
গাজীপুরে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাখা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে একই এলাকায় পরিবহনটির আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় আরেকটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ধামরাইয়ে হামজা ব্রাদার্সের বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত একটার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

নওগাঁয় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাস দুটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলওয়ের কর্মীরা।

পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

এদিকে একই দিন সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে পৌরসভা কার্যালয়সংলগ্ন এলাকায় সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তার ভাই উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বগুড়ায় মহাসড়কে আগুন জ্বালিয়ে স্লোগান
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে স্লোগান দিয়ে পিকেটিং শুরু করেন। একপর্যায়ে মহাসড়কের ওপর রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দেন তারা। পরে ঘটনাস্থল ছেড়ে চলে যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুরে মাছ বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১
মাদারীপুরের কালকিনি মাছ বাজারের বড় ব্রিজসংলগ্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই বিএম রাসেল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ, বন্ধ থাকে টোল আদায়
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় টোলপ্লাজার সামনে বৈঠা হাতে জড়ো হন তারা। পরে মিছিল নিয়ে টোলপ্লাজার সামনে অবস্থান করে সড়ক অবরোধ করেন।

এতে টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পদ্মা সেতু ও সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
মঙ্গলবার সকাল ৬টার দিকে পটুয়াখালী সদর উপজেলার পায়রা পাম্পের পরবর্তী এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। সারাদেশে ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ ও বিক্ষোভ করা হয় বলে জানা গেছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত খান। একই কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মশাল মিছিল বের করার খবরও পাওয়া গেছে।

বরগুনায় পৌরসভার গাড়িতে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে তালা
বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে।

এ সময় বেতাগী পৌরসভার একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। রাতে পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকেও আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ ছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়ক এবং কাকচিঁড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।

পাবনায় দুই মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
পাবনায় পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করার খবর পাওয়া গেছে।

মানিকগঞ্জে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ; আটক ১০
মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে টায়ার জ্বালানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেয়া হয়।

একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও গাড়িতে আগুন
খাগড়াছড়ি সদর ও গুইমারায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ও চাঁদের গাড়ি। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী।


অন্যান্য সংবাদ