কক্সবাজারের চকরিয়া উপজেলায় শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তারা দুজনই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপ ভ্যানটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।