ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারের পতন ঘটানো ইসরায়েলের লক্ষ্য। আর ইরানের পতন হলে হিজবুল্লাহরও পতন হবে, যা শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে। মঙ্গলবার (২০ অক্টোবর) লেবানন সীমান্তের কাছে অবস্থিত ইসরায়েলি শহরগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এ মন্তব্য করেন। খবর আল জাজিরার
বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জনের অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনের পতন ঘটানো, কারণ এটিই হলো এই বিষাক্ত অক্টোপাসের মাথা। আমরা যদি মাথাটি কেটে ফেলি, তবে পুরো প্রাণীটিই নিস্তেজ হয়ে পড়বে। এর স্বাভাবিক পরিণতি হিসেবে হিজবুল্লাহরও বিলুপ্তি ঘটবে।’
নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের সরকার টিকে থাকলে এমনকি তারা পরাজিত বা ক্ষতিগ্রস্ত হলেও তারা আবারও পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে এবং তাদের ‘অক্ষ’ পুনর্গঠনের মাধ্যমে এক বছর আগের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, যা ইসরায়েল অতীতে রুখে দিতে সক্ষম হয়েছিল।
ইসরায়েল ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ- সব ধরনের প্রধান ‘সন্ত্রাসী অবকাঠামো’ কার্যকরভাবে ধ্বংস করে ফেলেছে বলেও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইসরায়েল লেবাননের সঙ্গেও শান্তি স্থাপন করবে, তবে তার জন্য আমাদের অবশ্যই ইরানি শাসনের অবসান ঘটাতে হবে।’