আবারও বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম, ১২ কেজিতে ২২৩ টাকা বৃদ্ধি
নতুন দাম ২ হাজার ৬০ টাকা, আজ রাত ৮টা থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক | অভিজিত বনিক
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন এ মূল্য ঘোষণা করে কমিশন। নির্ধারিত নতুন দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে। এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
শুধু রান্নার গ্যাস নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়লেও বাজার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন
এদিকে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি বাজারে নির্ধারিত মূল্যে গ্যাস পাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত অক্টোবরেও ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞ ও ভোক্তাদের মতে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণের পাশাপাশি দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কার্যকর নজরদারি জরুরি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে রান্নার গ্যাসের নতুন এই মূল্যবৃদ্ধি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন ভোক্তাদের প্রত্যাশা, নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।