বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

দুবার পিছিয়ে রিয়ালের জয়, দুবার এগিয়েও হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
দুবার পিছিয়ে রিয়ালের জয়, দুবার এগিয়েও হারল লিভারপুল

শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ফেদেরিকো ভালভার্দের দূরপাল্লার দুর্দান্ত শটে গোল। এইকে এথেন্সের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ ১৫ মিনিটে দুই গোল করে চ্যাম্পিয়নস লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের আরেক ম্যাচে ফেনেরবাচের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও হেরেছে লিভারপুল।

এথেন্সের মাঠ অ্যালউইন এরেনাতে রোমাঞ্চকর ম্যাচে রিয়াল জিতেছে ৩-২ গোলে। চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ ক্লাবটির এটি টানা চতুর্থ জয়। অন্যদিকে ইস্তাম্বুলে ফেনেরবাচের কাছে ৩-২ গোলে হেরে গেছে লিভারপুল। অলরেডদের চলতি মৌসুমে এটিই প্রথম হার।

এথেন্সে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। ১২তম মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে এএইকেকে এগিয়ে দেন আবুবাকারি কোইতা। ২৭তম মিনিটে জুড বেলিংহামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে পাঁচ মিনিট পর মার্ক কুকুরেয়ার নিচু ক্রস থেকে দারুণ ব্যাকহিল ফ্লিকে সমতা ফেরান ইংলিশ মিডফিল্ডার।

গোলটি করার সময় বেলিংহামের বয়স ছিল ২৩ বছর ১২৮ দিন। চ্যাম্পিয়নস লিগের টানা সাত মৌসুমে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে সতীর্থ এমবাপের রেকর্ড ভাঙেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় এথেন্স। ৭৫তম মিনিটে স্তাভরোস পিলিওসের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকেরা।

তবে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি রিয়াল। ৭৮তম মিনিটে সমতা ফেরান এমবাপে। ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বল থেকে দূরের পোস্টে দাঁড়িয়ে গোল করেন ফরাসি তারকা।

এরপর যোগ করা সময়ে দূরপাল্লার দুর্দান্ত শটে রিয়ালের জয় নিশ্চিত করেন ভালভার্দে। শেষ বাঁশির পর হতাশা থেকে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এথেন্সের কোইতাও।

এই জয়ে লিগ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পিএসজি।

এদিকে ইস্তাম্বুলে ফেনেরবাচের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের জয়ের ধারায় ছেদ পড়েছে। ম্যাচের ৭৯ মিনিটে ভেদাত মুরিকির গোলে ৩-২ ব্যবধানে জয় পায় স্বাগতিকেরা। এই জয়ে চলতি আসরে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পেল তুরস্কের ক্লাবটি।

২৫তম মিনিটে ট্রে নিয়োনির গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রতিপক্ষের ডিফেন্ডারের হেড করা বল পেয়ে নিচু ভলিতে শট নেন তিনি। বল ডিফেন্ডার কোজো পেপ্রাহ ওপংয়ের গায়ে লেগে দিক বদলে জালে যায়।

তবে চার মিনিট পরই সমতা ফেরায় ফেনেরবাচ। ফ্রি-কিক থেকে মেসন গ্রিনউডের নেওয়া শট ডিফেন্সে জেরেমি জাকের গায়ে লেগে অ্যালিসনের নাগালের বাইরে চলে যায়।

৬৯তম মিনিটে বদলি হিসেবে নামা কোডি গাকপো ও আলেক্সজান্ডার ইসাকের সমন্বয়ে আবারও এগিয়ে যায় লিভারপুল। কোস্তাস সিমিকাসের সঙ্গে বল আদান-প্রদান করে বাইলাইন থেকে ক্রস করেন গাকপো। কাছ থেকে হেডে গোল করেন ইসাক।

তবে লিভারপুলের সেই লিড স্থায়ী হয় মাত্র চার মিনিট। কর্নার থেকে এনগোলো কান্তের ক্রসে গাকপোর হেডে বলের দিক বদলে যায়। দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান আর্চি ব্রাউন।

এরপর ৭৯তম মিনিটে ব্রাউনের বাড়ানো বলে তিন ডিফেন্ডারের মাঝখান থেকে হেড করে জয়সূচক গোল করেন মুরিকি।

এই হারে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের টানা তিন জয়ের ধারা থামল। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ পর্বের তালিকায় ১৯তম স্থানে উঠেছে ফেনেরবাচ।


অন্যান্য সংবাদ