বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম

রিপোর্টারের নাম : / ১২ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম

বিরোধীদল কোনো ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ২০ বছর ধরে গ্যাসের নতুন কূপ খনন করা হয়নি। কিন্তু বর্তমান সরকার ৫২টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। এছাড়া বরিশাল ও ভোলার মধ্যে গ্যাসের সংযোগ স্থাপনের প্রকল্পও হাতে নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘এসডিজি বাস্তবায়নে কৃষি খাত সম্প্রসারণের বিকল্প নেই। তাই কৃষকদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি গবেষকদেরও বেতন ভাতা বাড়ানো হবে।’

এসময় লংমার্চ বা আন্দোলন না করে সরকারকে পরামর্শ দিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি।

রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা এক্সিবিশনস, ঢাকার যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষি, কৃষক ও কৃষি গবেষকদের অবদানেই দেশের খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে কৃষির ওপর নির্ভরতার কথা বলার পাশাপাশি কৃষক ও গবেষকদের জন্য বাস্তবে কতটুকু করা হয়েছে, তা মূল্যায়নের সময় এসেছে।

তিনি বলেন, এবারের মেলায় ১৪টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ৫০০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষিপ্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এ ধরনের আয়োজন কৃষিপ্রযুক্তির প্রসার, নতুন পণ্যের সঙ্গে পরিচিতি এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের সুযোগ তৈরি করবে।

কৃষির আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে মীর শাহে আলম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃষির যান্ত্রিকীকরণ, উন্নত বীজ উৎপাদন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, অনেক কৃষক জমির প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের বিষয়ে সচেতন নন। অতিরিক্ত সার ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ এবং জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। বর্তমানে সার খাতে সরকারকে বছরে প্রায় ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ব্যয় কমানো সম্ভব।

আরডিএর গবেষণার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচের পানি সরবরাহের প্রযুক্তি কৃষকের খরচ কমাতে এবং পানির অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার ও আমদানিনির্ভরতা কমানোর বিষয়ে তিনি বলেন, দেশে আলুর উদ্বৃত্ত উৎপাদন হলেও অনেক সময় তা নষ্ট হয়। অথচ আলু থেকে স্টার্চ তৈরি করা সম্ভব, যা বেকারি, ওষুধ ও বস্ত্রশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রতিবছর প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার স্টার্চ আমদানি করতে হয় বাংলাদেশকে। দেশে আলুভিত্তিক স্টার্চ উৎপাদনশিল্প গড়ে তোলা গেলে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তিনি বলেন, এ লক্ষ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আট থেকে ১০টি স্টার্চ উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে কার্গো সুবিধা চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের আলু ও সবজি রপ্তানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দেশে নতুন গ্যাসকূপ খননে দীর্ঘদিন যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার বিভিন্ন গ্যাসক্ষেত্রে ৫২টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ৩১ ও ৩২ নম্বর কূপ খননের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। নোয়াখালী ও ত্রিশালে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রয়োজনীয় সংযোগ স্থাপন করা গেলে এসব গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, আটা-ময়দায় ১০ ধরনের ভিটামিন মেশানোর ব্যবস্থা বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের প্রস্তুতি চলছে। পাশাপাশি চালকে পুষ্টিসমৃদ্ধ করার উদ্যোগও নেওয়া হচ্ছে। আয়োডিনযুক্ত লবণ ও ভোজ্যতেলে ভিটামিন এ সংযোজনের মতো এসব উদ্যোগ জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখবে।

কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আরডিএর মাধ্যমে বগুড়া, গোপালগঞ্জ, রংপুর ও জামালপুরে সূর্যমুখী ও সয়াবিনের বীজ থেকে তেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সরকারি পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে কৃষকরা এসব ফসল উৎপাদনে উৎসাহিত হবেন এবং আমদানির ওপর নির্ভরতা কমবে।

রাজনৈতিক প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আগামী পাঁচ বছর দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চায় সরকার। সরকারের কোনো ব্যর্থতা থাকলে তা স্বীকার করে সমাধানে কাজ করা হবে। বিরোধী দলকে আন্দোলনের পরিবর্তে সংসদে এসে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া গেলে আমরাই সবচেয়ে বড় লংমার্চ করতাম। কিন্তু দেশের সমস্যার সমাধান করতে হলে বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ উপস্থিত ছিলেন। তারা গবেষণালব্ধ উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।


অন্যান্য সংবাদ