শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

হলান্ডের গোলে সিটির স্বস্তি, জিতল আর্সেনালও

স্পোর্টস ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
হলান্ডের গোলে সিটির স্বস্তি, জিতল আর্সেনালও

আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার অভ্যাসটা ধরে রাখলেন আর্লিং হলান্ড। তার শেষ দিকের গোলে চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জয় তুলে নিয়ে লিগ পর্বে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখেছে আর্সেনাল।

বুধবার রাতে রেড বুল অ্যারেনাতে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফরচুনা অ্যারেনাতে প্রাগের বিপক্ষে আর্সেনালের জয় ২-১ ব্যবধানে।

জার্মানিতে ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ বেশি থাকলেও সেভাবে আক্রমণ গড়ে তুলতে পারছিল না সিটি। প্রথম দিকে ভালো সুযোগ তৈরি করে স্বাগতিক লাইপজিগ। আন্তোনিও নুসার দূরপাল্লার শট কোনোমতে সামলান সিটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। এরপর ক্রিস্টোফ বাউমগার্টনারের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে প্রথমার্ধে এগিয়ে যায় সিটিই। ২৭তম মিনিটের দিকে নিকো ও’রাইলির নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লাইপজিগের ডিফেন্ডার কাস্তেলো লুকেবা। তাতে এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লাইপজিগ। দোন্নারুম্মার কাছের পোস্টের দুর্বলতা কাজে লাগিয়ে গোল করেন রিডলে বাকু। তবে ৫৮তম মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত হেডে আবারও এগিয়ে যায় সিটি। তিন মিনিট পরই ব্যবধান সমান করেন নুসা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন হলান্ড। এলিয়ট অ্যান্ডারসনের নিচু ক্রস থেকে বল জালে পাঠান নরওয়েজীয় স্ট্রাইকার। লাইপজিগের বিপক্ষে এটি তার নবম ম্যাচে ১৩তম গোল।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে ম্যান সিটি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩০ নম্বরে লাইপজিগ।

জয়ের ধারা ধরে রাখল আর্সেনাল
চেক প্রজাতন্ত্রে স্লাভিয়া প্রাগকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখেছে আর্সেনাল। দলের জয়ে একটি গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস, পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ইয়োকেরেসের বাড়ানো বল ধরে গোল করেন ননি মাদুয়েকে। এরপর ৩৮তম মিনিটে মিকেল মেরিনোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্লাভিয়া প্রাগ। ওস্কার কুবিয়াকের শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। এরপর কর্নার থেকে ময়মির চিতিলের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস।

ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে স্বাগতিকেরা। ৯০তম মিনিটে কাছ থেকে গোল করেন উইক্টর নোভাক। যদিও তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া আর্সেনাল এবারও প্রথম চার ম্যাচ শেষে অপরাজিত। ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে তারা। তাদের ওপরে রয়েছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ।


অন্যান্য সংবাদ