আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
এর মধ্য দিয়ে এক দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল।
ব্যাট হাতে করেছেন ৭ হাজার ২২৬ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩৬ উইকেট। ‘দ্য বিগ শো’ নামে পরিচিত এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১২ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাক্সওয়েলের।
এরপর বিধ্বংসী ব্যাটিং, দুর্দান্ত পাওয়ার হিটিং এবং অপ্রচলিত শট খেলার দক্ষতায় নিজেকে সাদা বলের ক্রিকেটের অন্যতম ভয়ংকর ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি নিয়ে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শতকের মালিকও তিনি।
ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে পায়ের পেশিতে তীব্র টান ও শারীরিক অস্বস্তি নিয়েও অবিশ্বাস্য এক ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। মাত্র ১২৮ বলে ২০১ রানে অপরাজিত থেকে দলকে ৩ উইকেটের জয় এনে দেন তিনি।
টেস্ট ক্রিকেটে অবশ্য খুব বেশি সুযোগ পাননি এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেলেছেন তিনি। ২০১৭ সালে খেলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট। এরপর মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেই মনোযোগী ছিলেন।
এর আগে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে ৩ হাজার ৯৯০ রান নিয়ে এই সংস্করণকে বিদায় জানান তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে খেলেছেন নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।